২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সবাই নির্বাচনে অংশ নিন: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের চলমান সংকট উত্তরণে আগামী নির্বাচনে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে অংশ গ্রহনের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতেই নির্বাচন করতে হবে। ১৪ দল অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার বনানীর হাওয়া ভবনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ শরিফ খসরুজ্জামানসহ অর্ধ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন,“তারা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন কোনো কিছুই মানে না। অর্থাৎ তারা বাংলাদেশকেই মানে না।”

তিনি ওই রাজনীতি পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার জন্য ১৪ দলের প্রতি আহ্বান জানান।

খরুজ্জামান ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মান্নানুর রহমান, কাশীপুর ইউপি চেয়ারম্যান নূর জালাল মোল্লা খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়দুর রহমান, সাবেক সাংসদ মকবুল হোসেন, জেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কাদের শিকদার, নূরুল ইসলাম প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী বলেন,“গণতন্ত্র ও সংবিধান সম্মুন্নত রাখতে সকলকে নির্বাচনে আসতে হবে। জয় পরাজয় জনগণের হাতে। কিন্তু আওয়ামী লীগ জনগণকে ভয় পায় বলেই নির্বাচন বানচাল করতে চায়।”

আওয়ামী লীগের শাসনামলে দেশের অর্থ-সামাজিক অবস্থার বর্ণনা দিয়ে তিনি বলেন,“তাদের অপকর্ম আর সন্ত্রাসের কারণে বাংলাদেশ বেশি দূর এগুতে পারেনি। জোট সরকারের আমলে ব্যাপক সাফল্যে অর্জিত হয়েছে। আর সেজন্যই আগামী নির্বাচনে জনগণ আবার বিএনপির নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করবে।”

খালেদা জিয়া খসরুজ্জামানকে স্বাগত জানিয়ে বলেন,“৪৫ বছর দল করে আজ বুঝতে পেরেছেন সে দল দেশকে কিছুই দিতে পারে নাই।”

তিনি দলের নতুন ও পুরাতন নেতা-কর্মীদেরকে এক পরিবারের সদস্যর মত একত্রে কাজ কারার জন্য আহ্বান জানান।

বিএনপিতে যোগ দিয়ে শরিফ খসরুজ্জামান খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“আমি কোনো ক্ষোভ বা আবেগের বশবর্তী হয়ে বিএনপিতে যোগ দেইনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে যখন দেখতে পেয়েছি দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার বদলে আওয়ামী লীগ সিবিএ’র মত দেশটাকে অচল করে দিচ্ছে। তখন সিদ্ধান্ত নিয়েছি বিএনপিতে যোগ দেওয়ার।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, জিয়াউল হক জিয়া, শাহ মো. আবু জাফর, মোসাদ্দেক আলী ফালু প্রমুখ।