২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটি ও বান্দরবানে প্রার্থী দিচ্ছে জনসংহতি, খাগড়াছড়িতে ১৪ দল

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই প্রথম নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর রোববার দলটির পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

১৪ দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারা প্রার্থী চূড়ান্ত করেছে। সে অনুযায়ী, রাঙ্গামাটি ও বান্দরবানে ১৪ দল প্রার্থী দেবে না। অন্যদিকে খাগড়াছড়ি আসনে ১৪ দলের প্রার্থী থাকছে।

সমিতির মুখপাত্র মঙ্গলকুমার চাকমা রাঙ্গামাটি থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, রাঙ্গামাটিতে দলের সহ সভাপতি লক্ষ্মীপ্রসাদ চাকমা ও বান্দরবানে দলের সহ সাধারণ সম্পাদক কে এস মং জনসংহতি সমিতির পক্ষে নির্বাচনে করবেন।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর অস্ত্র সমর্পণ করে জনসংহতি সমিতি ২৪ বছর পর প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসে। বিলুপ্ত হয় এর গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর।

এর আগে ১৯৭৩ সালে জনসংহতি সমিতি ও শান্তিবাহিনীর অন্যতম প্রতিষ্ঠা মানবেন্দ্র নারায়ণ লারমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা গত মাসে দু’দফা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। সূত্র মতে, সে সময়ই এই নির্বাচনী সমঝোতা হয়। পার্বত্য রাজনীতিতে সমিতির বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।