ভোটার তালিকা হালনাগাদ করার সমস্যা নিয়ে ইসি-আ. লীগ আলোচনা
ভোটার তালিকা হালনাগাদ করার সমস্যা ও এ ব্যাপারে প্রচারাভিযান নিয়ে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের আলোচনা হয়েছে রোববার দুপুরে।
সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি আব্দুর রশীদ সরকারের সঙ্গে দেখা করে সোয়া বারোটার দিকে। তারা দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের একটি চিঠিও হস্তান্তর করেন।
আধঘন্টার সাক্ষাত শেষে আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে আলোচনা করা আমার দায়িত্ব নয়। এ নিয়ে আলোচনাও হয়নি। ভোটার তালিকা হালনাগাদ করার সমস্যা এবং এ ব্যাপারে প্রচার-প্রচারণা নিয়ে আলোচনা হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামীলীগ একটি নির্বাচনমুখীদল। অতীতে সব সময় নির্বাচনে অংশ নিয়েছে। এবারও নিতে চায়। এ জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য কিভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায় সে ব্যাপারে আলোচনা ও সহযোগিতা করা নিয়ে কথাবার্তা বলতেই আমারা এসেছি।”
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সচিবের কাছে কিছু অভিযোগ করা হয়েছে। কিছু সমস্যাও তার নজরে আনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন সচিব আমাদের কাছে স্বীকার করেছেন যে ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে প্রচার-প্রচারণা অনেক কম হয়েছে। অনেক জায়গাতেই ফরম নেই।”
আব্দুল মান্নান বলেন, “ এ ব্যাপারে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। ওনারা সেই প্রস্তাব মেনে নিয়ে বলেছেন যে নির্বাচন কমিশন শিগগিরই মাঠপর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের এ ব্যাপারে দিকনির্দেশনা দেবে।”
তিনি বলেন, “দিকনির্দেশনায় বলা হবে, যে কেউ চাইলেই নিজ খরচে ফরম ছাপতে পারবেন বা ফটোকপি করতে পারবেন।” প্রয়োজনের তুলনায় অনেক কম ফরম সরবরাহ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
“ভোটার তালিকা হালনাগাদ করার চেয়ে নির্বাচন কমিশন অতিরিক্ত ভোটারের নাম কাটতেই যে বেশি আগ্রহী সেই বিষয়টিও আমরা তাদের নজরে এনেছি” উল্লেখ করে তিনি বলেন, “বাদ পড়া ভোটারদের অন্তর্ভূক্তির বিষয়টির ওপর জোর দেওয়ার জন্যও তাদের অনুরোধ করেছি।”
গত ৮ ডিসেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
