২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট উত্তরণে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের ১০ দফা প্রস্তাব

মুক্তিযুদ্ধের সাত সেক্টর কমান্ডার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সঙ্কট উত্তরণে স্বাধীন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা প্রস্তাব দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 03:56 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে তত্ত্বাবধায়ক সরকার ও সব রাজনৈতিক দলকে প্রস্তাবিত পদক্ষেপ গ্রহণে আশু ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার (অব.) বীরোত্তম।

তিনি বলেন, ‘‘দেশের সার্বভৌমত্বসহ সামগ্রিক নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’’

দেশকে ‘দুর্বৃত্ত’ ও ‘ধর্মান্ধদের’ হাত থেকে রক্ষা করতে প্রত্যেক মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত এই ১০ দফা হলো অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন নির্বাচন কমিশন গঠন; নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন; প্রশাসন থেকে বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ; দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করা; রাজাকার, আল শামস ও আলবদরদের চিহিত করা ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা; ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা; নির্বাচনে অংশগ্রহণকারীদের আয়ের উৎস প্রকাশ; বিচার বিভাগ আলাদা করা; দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা এবং স্বাধীন মানবাধিকার কমিশন গঠন।

একে খন্দকার দ্রব্যমূল্য পরিস্থিতি, দুর্নীতির প্রসার, জাতীয় প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করা, সংসদীয় গণতন্ত্রকে অকার্যকর করা, স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদার করা এবং দেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে এ থেকে উত্তরণে একাত্তরের মতো সবাইকে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা আজ প্রায় অপসৃয়মান। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠান সবার কাছে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। তা না হলে আমরা মুক্তিযোদ্ধারাসহ দেশবাসীকে নিয়ে যেকোনো পদক্ষেপ নিতে বিন্দুমাত্র কার্পণ্য করবো না।”

সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (অব.) বীরোত্তম, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী (অব.) বীরোত্তম, মে. জেনারেল চিত্তরঞ্জন দত্ত (অব.) বীরোত্তম, মে. রফিকুল ইসলাম (অব.) বীরোত্তম, লে. কর্নেল নুরুজ্জামান (অব.) বীরোত্তম, লে. কর্নেল আবু ওসমান চৌধুরী (অব.)।

অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মোস্তাফিজুর রহমান (অব.), লে. জেনারেল হারুন-অর-রশীদ (অব.), মে. জেনারেল আমিন আহমেদ চৌধুরী (অব.), মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, হারুন হাবিব, আনোয়ারুল হক প্রমুখ।