শরিকদের ৫০টি আসন ছাড়বে বিএনপি
বিএনপি তার শরিকদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রেখে আগামী সপ্তাহে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।
বিএনপির একাধিক নীতি-নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপি তার শরিকদের জন্য সর্বোচ্চ ৫০টি আসন ছাড়বে। গত নির্বাচনে শরিকদের বিএনপি ৪৫টি আসন দিয়েছিল।
নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী ২১ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন হওয়ায় বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ১৯ ডিসেম্বরই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে।
এবার চারদলীয় জোটে শরিকের সংখ্যাও বাড়বে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বনানীর হাওয়া ভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের আলোচনা অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ১৪ দলের সঙ্গে জোট বাঁধলে রওশন এরশাদের নেতৃত্বে পার্টির একটি অংশ চারদলীয় জোটে যোগ দেবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
জাতীয় পার্টির একাধিক সাবেক সাংসদ রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করে চার দলীয় জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রটি দাবি করেছে।
জাতীয় পার্টির (এরশাদ) একাংশ ও জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু চারদলীয় জোটে অন্তর্ভুক্ত হলে শরিকের সংখ্যা বেড়ে হবে আট। জোটের বর্তমান শরিক দলগুলো হচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (নাজিউর মঞ্জু), বাংলাদেশ জাতীয় পার্টি (ডা. মতিন), ইসলামী ঐক্যজোট (আমিনী) এবং খেলাফত মজলিস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট শক্তিশালী অবস্থানে থেকে ভোটযুদ্ধে অংশ নেবে। যে কারণে আমরা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবো।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির মতো দলের নেতৃত্বে শরিক হওয়ার জন্য অনেক দলই যোগাযোগ করছে। আমরা মনে করি জোটের শক্তি বৃদ্ধির স্বার্থে এর কলেবরও বাড়ানো উচিত।”
