২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘন্টার মধ্যে প্যাকেজ বাস্তবায়ন হলে নির্বাচনে যাবে ১৪ দল

১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্যাকেজ পুরোপুরি বাস্তবায়ন করলেই কেবল ১৪ দল নির্বাচনে যাবে। অন্যথায় আবার কঠোর আন্দোলন শুরু করা হবে বলে তিনি হুমকি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রাজধানীর একটি হোটেলে শুক্রবার ১৪ দল, এলডিপি, জাকের পার্টি ও তরিকত ফেডোরেশনের এক যৌথ প্রেস ব্রিফিং-এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, উপদেষ্টাদের সঙ্গে যেভাবে আলোচনা হয়েছিল ঠিক সেভাবে প্যাকেজ বাস্তবায়ন করা হয়নি। কিছু খণ্ডিত সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে মাত্র।

জলিল বলেন,“আমরা নির্বাচন চাই। ২৪ ঘন্টার মধ্যে প্যাকেজের বাস্তবায়ন চাই।”পেরিয়ে যাওয়া ৪০ দিন পূরণ করে নির্বাচনী তফসিল আবারো নির্ধারণের দাবি জানান তিনি।

তিনি রাষ্ট্রপতির প্রতি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার দাবি আবারো জানান। তিনি বলেন ,“আমরা তাঁকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি।”

তিনি আরো বলেন ,“হাওয়া ভবনের ক্রীড়নক রাষ্টপতি ইয়াজউদ্দিনের নীলনকশার নির্বাচনে দেশবাসী অংশ নেবে না।”

সংবাদ সম্মেলনে আব্দুল জলিলের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে এলডিপি মহাসচিব আব্দুল মান্নান বলেন, “প্যাকেজে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা তা গ্রহণ করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যদি তা বাস্তবায়িত না হয় তাহলে সব দায়-দ্বায়িত্ব রাষ্ট্রপতিকেই নিতে হবে।” প্রয়োজনে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আন্দোলনে যাবে বলেও আব্দুল মান্নান ঘোষণা দেন ।

একই ঘোষণা দেন জাকের পার্টির সৈয়দ সিরাজুল কবীরও।

আব্দুল জলিল সরস্বতী পূজার কারণে নির্বাচনের তারিখ পূনঃনির্ধারণেরও আহবান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খণ্ডিত নয়। পুরো প্যাকেজই বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশন পুণর্গঠনের মূল বিষয়টি এখনো বাস্তবায়ন করা হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, “সচিব পর্যায়ে কিছু পরির্বতন আনা হয়েছে। কিন্তু অ্যাটর্নি জেনারেল, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পদেই রদবদল হয়নি। একটি আপদের বদলে কেবল আরেকটি আপদ আনা হচ্ছে।”

আব্দুল জলিল দাবি করেন, এরকম একটা অবস্থায় ভোটার তালিকা হালনাগাদ করা লোক দেখানো । তিনি অভিযোগ করেন, তালিকায় কোনো সংশোধনই করা হচ্ছে না। উপদেষ্টাদের সঙ্গে আলোচনা অনুযায়ী যাদের বয়স ১৮ বছরের বেশি তাদের নাম তালিকায় সংযোজন করা হচ্ছে না। শুধু যারা মারা গেছে তাদের নাম বাদ দেয়া হচ্ছে।

জলিল আরো অভিযোগ করেন, একটার পর একটা সমস্যা সৃষ্টি করে পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করা হচ্ছে ।

তিনি বলেন, এভাবে তফসিল ঘোষণা করার কথা ছিলো না। কথা ছিলো একবারে পুরো প্যাকেজ বাস্তবায়ন করা হবে । প্যকেজে ছিলো স ম জাকারিয়া ও মোদ্দাব্বির হোসেন চৌধুরীর পরিবর্তে দু’জন নতুন কমিশনার নিয়োগ দেয়া হবে। কিন্তু এখন এটা করা সম্ভব নয় বলে উপদেষ্টারা জানিয়ে দিয়েছেন ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের নজিবুল বাশার মাইজভাণ্ডারী, এলডিপির মাহী বি চৌধুরী প্রমুখ।