২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের আদালত বর্জন প্রত্যাহার, আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসুচি চলছে

সুপ্রিম কোর্টের বিচারকরা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। আগামী রোববার থেকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকেরা বিচার কাজে অংশ নিবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহন করেন।

এদিকে সুপ্রিম কোর্টে গত ৩০ নভেম্বরের ভাংচুরের ঘটনায় দু’পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি পালন অব্যাহত রয়েছে।

ওদিকে অ্যাটর্নি জেনারেলের অফিসের কর্মকর্তারা প্রধান বিচারপতির এজলাস, অফিস কক্ষ ও অ্যাটর্নি জেনারেল অফিস ভাংচুর ও গাড়ী পোড়ানোর প্রতিবাদে প্রতীক অনশন কর্মসূচী পালন করেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন সকালে আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আপিল বিভাগের বিচারকরা কর্ম বিরতি তুলে নেয়ার পক্ষে মত দেন।

বিকাল পৌনে তিনটায় সুপ্রিম কোর্টে বিচারকদের সম্মেলন কক্ষে প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারকেদের নিয়ে বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, ওই বৈঠকে হাইকোর্টের অনেক বিচারপতি অংশ নেননি। বৈঠক চলে সোয়া তিনটা পর্যন্ত। বৈঠকে জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে রোববার থেকে আদালতে বিচার কাজে বসার সিদ্ধান্ত নেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছিুক দুইজন বিচারপতি বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি বৈঠকে বলেছেন,“ আমি প্রধান বিচারপতি ও মুরুব্বি হিসাবে বলছি, তিন দিন আদালত বর্জন কর্মসূচী পালন করা হয়ে গেছে। আপিল বিভাগের বিচারকগনের সঙ্গে আলাপ হয়েছে। জনগণের দুর্ভোগ আর বাড়িয়ে লাভ নেই। এখন আদালতে বসা উচিত।”

প্রধান বিচারপতি বৈঠকে আরো বলেন,“ আইনজীবী সমিতি দু:খ প্রকাশ করেছে। তবে ক্ষমা প্রার্থনা করেনি। আইনজীবী সমিতির ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকলে বিচারপ্রার্থী জনগনের দু:খ আরো বেড়ে যাবে। আমরা তাদের কষ্ট দিতে পারিনা।”

তিনি বলেন, “জনগণকে বোঝানোর জন্য বিচার কাজ থেকে বিরত থেকেছি। জনগণ বিষয়টি বুঝতে পেরেছে। বারের কতিপয় আইনজীবীর ভুমিকার জন্য জনগনকে কষ্ট দেয়া যায়না। তাই বর্জন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।”

দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিন হলে সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের সভাপতিত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দিয়ে আইনজীবীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আক্তারুজ্জামান, অধ্যাপক আনোয়ার হোসেন ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

সভা শেষে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গন প্রদক্ষিন করে। পরে সমিতির প্রবেশ পথে সংক্ষিপ্ত সমাবেশ করেন আইনজীবীরা। এতে প্রধান বিচারপতির পদত্যাগ ও শীর্ষস্থানীয় আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারে দাবি জানান বক্তারা।

অ্যাটর্নি জেনারেল অফিসের সরকারি আইন কর্মকর্তারা সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রতীক অনশন কর্মসূচী পালন করেছেন। বিকালে অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান তাদের অনশন ভঙ্গ করান। তারা ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি সমিতির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অবস্থান কর্মসূচী পালন করেছে।

বিকালে অ্যাডভোকেট সিগমা হুদা সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় গ্রেফতার হওয়া রাজু তার চেম্বারে কখনো কাজ করতো না বলে জানান। তিনি বলেন, তবে রাজুর মা রাজিয়া তার চেম্বারে কাজ করত। রাজুর গ্রেফতারের পর তার মা রাজিয়াকে তার চেম্বার থেকে বিদায় করে দেয়া হয়েছে।