সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
যুদ্ধ পরিকল্পনা ও পরিচালনায় পরিবর্তনশীল আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের তৈরি করার জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার সামরিক কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, “প্রযুক্তির দ্রুত উন্নতি বর্তমান বিশ্বে যুদ্ধ পরিকল্পনা প্রণয় ও পরিচালনায় বিপ্লব সৃষ্টি করেছে, যুগান্তকারী পরিবর্তন এনেছে।”
জাতীয় প্রতিরক্ষা মহাবিদ্যালয়ে (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০০৬ এবং আমর্ড ফোর্সেস ওয়ার কোর্স-২০০৬ এর স্নাতকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, “আমাদের সামরিক কর্মকর্তাদের প্রস্তুত করে তুলতে হবে এবং সশস্ত্র বাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করতে হবে।”
জাতীয় প্রতিরক্ষা মহাবিদ্যালয়ের কমান্ডেন্ট মেজর জেনারেল এটিএম জহিরুল আলম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান এবং এনডিসির কার্যক্রম ও কোর্স সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
বিদেশি ১০ জন এবং বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনী ও বেসামরিক প্রশাসন থেকে ২২ জন ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন। অন্যদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৯ জন সদস্য আমর্ড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেন।
রাষ্ট্রপতি কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
তিনি স্নাতকদের ধন্যবাদ জানান এবং এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান পেশাদারিত্ব অর্জন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে তাদের সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমি নিশ্চিত যে আপনারা সবাই এ জ্ঞানের সর্বোত্তম ব্যবহার ও ভবিষ্যত দায়িত্ব পালনের জন্য এ কোর্সের মাধ্যমে দক্ষতা অর্জন করবেন।”
রাষ্ট্রপতি বলেন, “একবিংশ শতাব্দীতে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা শুধুমাত্র সামরিক ক্ষমতার ওপরই নয়, জাতীয় ক্ষমতা ও সক্ষমতার ওপরও নির্ভর করে।”
সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।
ভারত, মায়নমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলংকা, সুদান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারকে প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা পাঠানোর জন্য রাষ্ট্রপতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধুরী, উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ, প্রতিরক্ষা সচিব এএম মনিরুজ্জামান খান, সেনা প্রধান লেফ. জেনারেল মঈন ইউ আহম্মেদ, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম হাসান আলী খান ও বিমান বাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল ফকরুল আজমউপস্থিত ছিলেন।
