২৩ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন
নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৭ সালের ২৩ জানুয়ারি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিবর্তিত তফসিল অনুয়ায়ী নির্বাচনের তারিখ দু’দিন পেছানো হল।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২০০৬ সালের ২১ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাই করা হবে ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ডিসেম্বর।
নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার বিকেল ৫ টায় এক সংবাদ সম্মেলনে বলেন, “সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। আশা করি সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং নির্বাচনে সব দল অংশ নেবে ।”
দুই নির্বাচন কমিশনার ছুটিতে যাচ্ছেন কি না? এ বিষয়টির মিমাংসা না হলে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আদৌ আয়োজন করা কি সম্ভব হবে? এ সব প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি একটি রাজনৈতিক বিষয়। এ ব্যাপারে আমি অবহিত নই।”
তিনি বলেন, দুটি বড় দলের সঙ্গে আলোচনা করেই তফসিল পুনর্নির্ধারণ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের সময় সীমাও বাড়ানো হয়েছে। এ সবই করা হয়েছে যেনো সব দল নির্বাচনে অংশ নেয়।
পরে কমিশন সচিবালয় থেকে সন্ধ্যা ৭ টার দিকে বেরিয়ে যাওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান গাড়ি বারান্দায় সাংবাদিকদের মুখোমুখি হন। দুজন কমিশনার ছুটিতে যাচ্ছেন কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জানি না। আজ পর্যন্ত কোনো খবর পাইনি।”
এর বেশি মন্তব্য করতে তিনি রাজী হননি।
এর আগে তফসিল পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করতে বৃহস্পতিবার ৩টা ২৫ মিনিটে মাহফুজুর রহমান চার নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মোহাম্মদ সাইফুল আলম এবং কমিশন সচিব আব্দুর রশিদ সরকারের সঙ্গে জরুরী বৈঠকে বসেন। বিকেল ৪ টায় বৈঠক শেষে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।
কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল থেকে সারাদেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। এ জন্য নির্বাচন কর্মকর্তারা ৮ থেকে ১৫ ডিসেম্বর ভোটারদের বাড়ি বাড়ি যাবেন।
এর আগে সচিব আব্দুর রশীদ সরকার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া কমিশনারদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার উদ্দ্যেশে রওনা দেন।
এরই মধ্যে নির্বাচন কমিশনাররা নিজেদের মধ্যে সেরে নেন কয়েক দফা বৈঠক। সকাল ৯ টার পর প্রথম দফায় ভারপ্রাপ্ত সিইসি ও কমিশনার সম জাকারিয়া একান্তে আলাপ-আলোচনা করেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে সচিব ও অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে আসেন।
বৃহস্পতিবারের মধ্যে সঙ্কট নিরসনের ব্যাপারে আশা প্রকাশ করে সচিব সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন করেন, “আর কত?”
এর আগে পদ্মায় বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব বলেন, “বৈঠকে উপস্থিত থাকলেও আলোচনায় অংশ নেইনি।” বৈঠকে নির্বাচন কমিশনারদের ছুটি ও তফসিল পুননির্ধারণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তাও তিনি জানেন না বলে উল্লেখ করেন।
পরে আব্দুর রশীদ সরকার কমিশনের সংবাদ সম্মেলনেও পদ্মার বৈঠক সম্পর্কে একই কথা বলেন।
পদ্মার বৈঠকটি সকাল ১০ টা ৪৫ মিনিটে শুরু এবং শেষ হয় দুপুর সাড়ে ১২ টায় ।
এদিকে আব্দুর রশীদের সংবাদ সম্মেলনের তথ্য সংগ্রহ করতে বিকালে সাংবাদিকরা যখন ব্যস্ত, তখন তরিঘড়ি করে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া সাংবাদিকদের এড়িয়ে কমিশন সচিবালয় ত্যাগ করেন।
সন্ধ্যা পৌনে ৬ টা থেকে টানা সাড়ে ৬ টা পর্যন্ত ভারপ্রাপ্ত সিইসি স ম জাকারিয়াকে বাদ দিয়েই অন্য কমিশনার ও সচিবকে নিয়ে বৈঠক করেন।
গাড়ি বারান্দায় সন্ধ্যায় সাংবাদিকরা যখন ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে কথা বলছিলেন তখন অপর কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরীও সাংবাদিকদের নজর এড়িয়ে সচিবালয় ত্যাগ করেন।
বিতর্কিতদের বাদ দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবিতে ১৪ দল আন্দোলন করে আসছে।
এর আগে ২৭ নভেম্বর কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ওই তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ১১ ডিসেম্বর বাছাই, ১৯ ডিসেম্বর প্রত্যাহার ও ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল।
তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ২৫ জানুয়ারি এই সময়সীমা শেষ হচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার কমিশন হালনাগাদ করা ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে সংশোধনের তারিখ নির্ধারণ করেছিল ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ১৪ দলের আন্দেলনের মুখে বৃহস্পতিবার তা বাড়িয়ে ৮ থেকে ১৫ ডিসেম্বর করা হয়।
এবার ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩।
