২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতিরা মনে হয় ট্রেড ইউনিয়ন করছেন: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিচারপতিদের আদালত বর্জন কর্মসূচির কঠোর সমালোচনা করে বলেছেন, তারা যা করছেন তা অসাংবিধানিক। তিনি একে শপথ ভঙ্গের শামিল বলেও অভিহিত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 10:58 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দলের ধানমন্ডি কার্যালয়ে বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল বলেন, বিচারপতিদের আচরণ দেখে মনে হচ্ছে তারা ট্রেড ইউনিয়ন করছেন। তাদের কর্মকান্ড বিচার বিভাগকে কলুষিত করছে এবং জনগণ বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

দেশের সর্বোচ্চ আদালতকে ৪ দলের অঙ্গসংগঠনে পরিণত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঘটনার দিন প্রধান বিচারপতির কার্যালয় বন্ধ ছিল। এই কার্যালয়ের চাবি কোর্ট কিপারের হাতে থাকে।

আব্দুল জলিল প্রশ্ন রাখেন, “সেদিন প্রধান বিচারপতির বন্ধ কার্যালয় খুললো কি করে? তারেক রহমানের মালিকানাধীন টিভি চ্যানেলের ক্যামেরাই বা সেখানে গেল কেন? আর কিভাবে বা সে ফুটেজ এনটিভি পেলো। এসব তদন্ত করলেই মূল ঘটনা বেরিয়ে আসবে।”

তিনি অভিযোগ করেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ রাষ্ট্রপতিকে দেশের শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার প্ররোচনা দিয়েছেন।

উপদেষ্টাদের সঙ্গে দলীয় নেতৃবৃন্দের আলোচনা অব্যাহত থাকবে বলেও আব্দুল জলিল জানান।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।