২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য উপদেষ্টাদের কাছে চার দফা দাবি জানালো ১৪ দল

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টামণ্ডলির সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতৃবৃন্দ নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী তফসিল পুননির্ধারণ, পুলিশ ও প্রশাসনে বদলি সংক্রান্ত দাবিগুলো জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বৈঠক থেকে বেরিয়ে ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ১৪ দলের দাবিগুলো উপদেষ্টাদের আবারও জানানো হয়েছে। তবে এ বিষয়ে উপদেষ্টারা কোনো সময়সীমা নির্ধারণ করেছেন কি-না তা বলেননি ১৪ দলের নেতৃবৃন্দ।

বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় উপদেষ্টামণ্ডলির এ বৈঠক শুরু হয়।

সকাল ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠকে প্রথমে অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান, তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম, আইন বিষয়ক উপদেষ্টা ফজলুল হক এবং কৃষি বিষয়ক উপদেষ্টা সি এম শফি সামি এ চারজন উপস্থিত ছিলেন।

বৈঠক চলা অবস্থাতেই দুপুর একটার দিকে আকবর আলী খান বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন,“আমি এ কমিটির সদস্য না। আমাকে দাওয়াত দেওয়ায় এতে যোগ দিয়েছিলাম। বাকি যে তিনজন উপদেষ্টা নেতাদের সাথে বৈঠক করছেন তারাই জানাবেন এসব ব্যাপারে।”

বৈঠকে ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে আবদুল জলিল, সভাপতিমণ্ডলির সদস্য আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম এবং সাবেক মন্ত্রি পরিষদ বিভাগের সচিব এইচ টি ইমাম।

রাশেদ খান মেনন এবং হায়দার আকবর খান রনো।

এছাড়াও এ বৈঠকে যোগ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া ।