২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধনে এনডিআইসহ এনজিওদের সহযোগিতা নেয়া হবে: মাহবুবুল আলম

উপদেষ্টা মাহবুবুল আলম জানালেন, “ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংশোধনে এনডিআইসহ বেশ কয়েকটি এনজিওর সহযোগিতা নেয়া হবে। নির্বাচন কমিশনের সঙ্গে এনজিওগুলোর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেই কর্মকর্তারা তালিকা সংশোধনের কাজে মাঠে নামবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তিনি আরো বলেন, “এটা অনেক বড় ও সময়সাপেক্ষ ব্যাপার। নির্বাচনের আগের দিন পর্যন্ত তালিকা সংশোধনের সুযোগ আছে।’

পিআইডির সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ উপদেষ্টা আজিজুল হকও উপস্থিত ছিলেন। উপদেষ্টামণ্ডলীর মঙ্গলবারের দীর্ঘ বৈঠক প্রসঙ্গে তারা জানান, সোমবারের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করতেই তারা বসেছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করা যাবে বলে দুই উপদেষ্টাই আশা প্রকাশ করেন।

প্রশাসনে সচিব পদে রদবদল প্রসঙ্গে মাহবুবুল আলম বলেন, “প্রজ্ঞাপন জারি করতে সময় লাগবে। আজ কালকের মধ্যেই এটা হয়ে যাবে।”

প্রশাসনিক রদবদলে কোনো রাজনৈতিক ইন্ধন বা শর্ত আছে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এ রদবদলের কথা বলেছিলো। তার আলোকেই এই রদবদল হবে।”

তিনি নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেন, “পুর্নগঠনের কাজ চলছে। এছাড়া তফসিল পুণর্নির্ধারণ করা হলে নির্বাচন কমিশন নিজেই সাংবাদিকসহ দেশবাসীকে সে খবর জানাবে।”

নির্বাচনী তফসিল নিয়ে প্রধান দুই দলের দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “তিনি এ বিষয়ে কেনো রকম সংঘাতের আশঙ্কা করছেন না।”

সেনা মোতায়েনে রাষ্ট্রপতির মৌখিক সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই।

সোমবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক তাফাজ্জাল ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন উপদেষ্টা আজিজুল হক। তাফাজ্জাল ইসলামকে নির্বাচন কমিশনার হওয়ার প্রস্তাব দিতে সেখানে গিয়েছিলেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আজিজুল হক বলেন, “নির্বাচন কমিশনারের পদ হাইকোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদার। আপিল বিভাগের বিচারককে কিভাবে এ প্র¯তাব দেওয়া যায় ? তিনি আমার ছাত্রজীবনের বন্ধু, তাই তার সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলাম।”