বিচারকদের বর্জনে সুপ্রিম কোর্ট অচল
মঙ্গলবার থেকে আদালত বর্জন করছেন সুপ্রিম কোর্টের বিচারকরা। হাইকোর্টের দুটি একক বেঞ্চ ছাড়া সারা দিন আর কোনো আদালত বসেনি।
নিয়ম অনুসারে সকাল ৯টায় আপিল বিভাগের দুটি বেঞ্চ এবং সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের সবগুলো বেঞ্চ বসার কথা।
আদালতে কার্যক্রম পরিচালনায় প্রতিদিনের মত মঙ্গলবার হাইকোর্টের কোনো কার্যতালিকা বের হয়নি। এর পরিবর্তে গত ৩ ডিসেম্বরের কার্যতালিকা অনুসারে হাইকোর্ট বিভাগে নয়টা একক বেঞ্চ ও ৩২টা দ্বৈত বেঞ্চ তালিকাভুক্ত রয়েছে।
সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতির এজলাসের দরজায় ঝুলানো নোটিশ অনুসারে সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এর মধ্যে এক পর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারকদের সবার বসার আয়োজন সম্পন্ন হলেও সারা দিন কোনো আদালত বসেনি।
আকস্মিকভাবে কেন বিচারকরা আদালতে বসছেন না সে সম্পর্কে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোঃ ফজলুল করিম কিছু জানাতে পারেননি।
অবশ্য মঙ্গলবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মোঃ আবদুল আজিজের দুটি একক বেঞ্চ বিচারকার্য চালিয়েছে।
উল্লেখ্য, ৩০ নভেম্বর রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোঃ আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর রুল জারি করার আগে প্রধান বিচারপতি এ মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন। অ্যাটর্নি জেনারেলের আবেদনে প্রধান বিচারপতির এ সিদ্ধান্তে প্রধান বিচারপতির এজলাসহ আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভাঙচুরের মতো আর কোনো ঘটনা না ঘটানোর অঙ্গীকার, ওই দিনের ঘটনার জন্য প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এবং প্রধান বিচারপতির আদালত বর্জনের সিদ্ধান্ত ত্যাগ এ তিন দাবিতে বিচারকরা আদালতের কাজকর্ম থেকে বিরত রয়েছেন।
সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় আদালত না চালানোর সিদ্ধান্ত আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারকরা প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনকে জানিয়ে দিয়েছেন।
রোববার রাতে আপিল বিভাগের বিচারকরা ও সোমবার রাতে হাইকোর্ট বিভাগের বিচারকরা আদালত বর্জন এবং ভাঙচুর নিয়ে প্রধান বিচারপতির বাসায় তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।
এছাড়া মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জরুরি বৈঠক হয়েছে। আর বিএনপি-জামাত জোট সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্টের বাইরে ৩০ নভেম্বর ঘটনার জন্য দায়ী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির দাবিতে মানববন্ধন করেছেন।
