২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে: কাজী জাফরউল্যাহ

রাজনৈতিক পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সোমবার সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিসের গুলশানের বাসায় উপ সহকারি পররাষ্ট্রমন্ত্রী জন এ গ্যাস্টরাইটের সম্মানে আয়োজিত এক ডিনার পার্টি থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এই পার্টিতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখন তো পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে।”

তোফায়েল আহমেদও জানান, পার্টিতে রাজনীতি ও নির্বাচন বিষয়ে গ্যাস্টরাইট বিস্তারিত জানতে চেয়েছিলেন।

তবে তা একদমই অনানুষ্ঠানিক ছিল বলে তিনি জানান।

পার্টিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন, জানিয়ে এলডিপির কার্যকরী সভাপতি অলি আহমেদ বলেন, “আমরা আমাদের দলগত অবস্থান তুলে ধরেছি। আমরা বলেছি নির্বাচন হওয়া না হওয়া বড় কথা নয়। কারণ নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠানকে বিগত সরকার চরমভাবে দলীয়করণ করেছে।”

এসব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও পুনর্গঠন করা না গেলে একটি ফলপ্রসু নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের লোহাগাড়ার ভোটার তালিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, “এখানে অন্তত ২০ হাজার অতিরিক্ত ভোটার করা হয়েছে, যাদের কোনো অস্তিত্বই নেই।”

স্বাধীনতার পর থেকে ৩৬ বছর ধরে চলা দুর্নীতি-লুটপাটের কোনো বিচার হয়নি উল্লেখ করে তিনি বলেন, “একটি দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে এ রকম আরেকটি সরকারকে ক্ষমতায় বসানোর চেয়ে বরং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ জরুরি।”

জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু আমন্ত্রণকারীরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব ভালোভাবে অবগত আছেন বলে মন্তব্য করেন।

পার্টিতে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

জামায়াতের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জানান, নির্বাচন হওয়া না হওয়া-এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

সব দল নির্বাচনে যাবে কিনা তা নিয়ে গ্যাস্টরাইট জানতে চেয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার অনেক প্রশ্ন ছিল। উপস্থিত নেতাদের কাছে তিনি সেসব জানতে চেয়েছেন এবং রাজনীতিকরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন।

ওই পার্টিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।