২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ভাড়া না হওয়ায় ৩৫ হাজার বাংলাদেশীর হজ্ব অনিশ্চিত

বাড়ি ভাড়া নিয়ে দেখা দেয়া জটিলতায় এবার প্রায় ৩৫ হাজার বাংলাদেশীর হজ্ব অনিশ্চিত হয়ে পড়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় এদের সৌদি আরব যাওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বাড়ি ভাড়া নিয়ে এই জটিলতা সৃষ্টি করেছে বেসরকারি হজ্ব ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতরা। কিন্তু তাদের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয় এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সোমবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান এর সত্যতা স্বীকার করেন। এ সময় নবনিযুক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার আহমেদসহ ধর্ম ও তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব আতাউর রহমান জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৫৫১ জন ব্যালটি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৪৬ হাজার মিলে মোট ৪৮ হাজার জনের হজ্বে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী বিমানের স্লটও তৈরি করা হয়েছে।

কিন্তু সৌদি আরবে তাদের আবাসনের ব্যবস্থা না হওয়ায় গত ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মাত্র এক হাজার ৩৫০ জন ব্যালটি হজ্ব যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৯০০ জনই এখনো মদিনায় রয়েছেন।

তবে হজ্বের আগেই তারা মক্কায় পৌঁছাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সচিব জানান, গত বছর সৌদি আরবে অনাকাঙ্খিত দুর্ঘটনার জন্য চলতি বছর সে দেশের সরকার ফিটনেস সনদ ছাড়া ভাড়া নেয়া বাড়ির বিপরীতে কোনো হজ্ব যাত্রীর জন্য ‘বার কোড’ ইস্যু করতে নারাজ।

অথচ বেসরকারি ব্যবস্থাপনার দায়িত্বরত হজ্ব এজেন্সিদের সংগঠন ‘হজ্ব এজেন্সিস অফ বাংলাদেশ’ সেখানে নিম্নমানের বাড়ি ভাড়া করেছে। ফলে সৌদি সরকার ওইসব এজেন্সির ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের জন্য কোনো ‘বার কোড’ ইস্যু করছে না।

তিনি জানান, বর্তমানে মানসম্মত বাড়ি ভাড়ার নিশ্চিত হওয়ায় মাত্র ১৩ হাজার ৩০২ জনের জন্য বার কোড ইস্যু করা হয়েছে। বাকি ৩৫ হাজার জনের বাড়ি ভাড়ার সনদ পেতে স্থানীয়ভাবে সৌদিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতসহ বিভিন্ন পর্যায়ে চেষ্টা চলছে।

সচিব জানান, এ ব্যাপারে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে নিুমানের বাড়ি ভাড়ার বিপরীতে বার কোড ইস্যু করার চেষ্টা চলছে। তবে এ জন্য বাংলাদেশকে সৌদি সরকারের কাছে একটি লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছে।

অত্যন্ত দুঃখজনক হলেও তাদের নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর সুবিধার্থে সরকারকে এটা করতে হয়েছে। তবে বেসরকারি এজেন্সিগুলোর মধ্যে মাত্র ১৭৬টি এসব প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করেছে। বাকী ১১৪টি এজেন্সি এখনো এ ব্যাপারে কোনো ব্যাবস্থা নেয়নি।

সচিব জানান, এ পর্যন্ত বিভিন্ন আনুষাঙ্গিকতা শেষ হয়েছে এমন মাত্র সাত হাজার ৮০৯ জনের ভিসা পাওয়া গেছে। বাকিদের ভিসার বিষয়টি নিশ্চিত করতে সরকার চেষ্টা চালাচ্ছে।

এ জন্য বিমানের সিডিউল বাতিলের ক্ষতি পুষিয়ে দিতে ধর্ম মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবে এ প্রশ্নের জবাবে সচিব বলেন, এটি বিমানের ব্যাপার, তাদের কাছেই জানুন। তবে হজ্ব যাত্রী পাঠানোর ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের কোনো গাফিলতি নেই। এর জন্য বেসরকারি এজেন্সিগুলোই দায়ী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিম্নমানের বাড়ি ভাড়ার দায়ে বেসরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, তবে তা হজ্বের পর।