২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের মহেশখালী দ্বীপে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত ও দুই পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

নিহতদের মধ্যে দুজন বিএনপির এবং একজন আওয়ামী লীগের কর্মী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে একথা জানা গেছে।

কক্সবাজারের এএসপি সার্কেল মাসুদ আলম ঘটনাস্থল থেকে টেলিফোনে সাংবাদিকদের জানান, দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

মহেশখালী দ্বীপের কালারমার ছড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমানের সমর্থকরা আওয়ামী লীগ নেতা সাঈদ নূরের এক আত্মীয়ের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। অবরোধ সমর্থকরা তখন এর পাল্টা জবাব দিতে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় দুপক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় আওয়ামী লীগের কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি কর্মী জয়নাল আবেদীন (৩৫) এবং কালমারছড়া আওয়ামী যুবলীগের স্থানীয় ৭ নং ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক মোজাম্মেল হক (২৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর বিএনপি কর্মী আবদুল গণি গুলিবিদ্ধ হয়ে বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সংঘর্ষে রাজীব দাস ও মনির আহমেদ নামে দুই পুলিশ বুলেটবিদ্ধ হন। স্থানীয় বাসিন্দারা জানান, দু দলের এই সংঘর্ষ পুরো কালমারছড়া বাজার ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় থেমে থেমে গুলিবিনিময় ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩০জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

মহেশখালী থানার ওসি মোস্তফা মঞ্জুর জানান, তাদের সীমতি ফোর্স দিয়ে প্রাথমিক পর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে না পেরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়।

পুলিশ সুপার আক্তার কামাল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানায়, আহতদের মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসাতালে পাঠানো হয়েছে।