৫০ ভাগ মহার্ঘ্যভাতা ও রেশন দাবি সরকারি কর্মচারীদের
অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অবিলম্বে ৫০ ভাগ মহার্ঘ্যভাতাসহ সরকারি কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ’।
মোট ১০ দফা দাবিতে সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে পরিষদ নেতারা। সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূইয়া ও মহাসচিব শামসুল আলমের নেতৃত্বে স্মারকলিপি দেন পরিষদের প্রায় ৩০ জন নেতাকর্মী।
স্মারকলিপি গ্রহণ করে সংস্থাপন সচিব তাদের দাবি দাওয়া পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন।
মহার্ঘ্যভাতা ও রেশনিং ব্যবস্থা চালুসহ পরিষদের অন্যান্য দাবিগুলো হল-নিয়োগবিধি ২০০৬ সংশোধন ও স্থগিত রাখা, বাধ্যতামূলক অবসর দেয়া কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল, হরতাল, অবরোধ ও দুর্যোগপূর্ণ কার্যদিবসের জন্য সরকারি কর্মচারীদের ১০০ টাকা করে ‘দুর্যোগভাতা’ দেওয়া ইত্যাদি।
এছাড়াও প্রশাসন থেকে রাজনৈতিক দল সমর্থিত কর্মকর্তাদের প্রত্যাহার করে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া এবং সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গোপন বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের বিচার ও শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
