বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারাদেশে অবরোধ চলছে
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনী তফসিল বাতিলসহ ৫ দফা দাবি বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি রোববার সকাল থেকে শুরু হয়েছে।
চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের অধিকাংশ স্থানেই সড়ক, নৌ ও রেলপথে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে কিছু কিছু জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চট্টগ্রাম: অবরোধের কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম মেইন লাইনে অবরোধ না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য খালাস না হলেও অভ্যন্তরীণ পর্যায়ে মাল উঠানামার কাজ চলে।
অবরোধের কারণে বন্দর থেকে সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। তবে বন্দরের সিসিটিসহ জেটি ও বহির্নোঙ্গরে ২৭টি জাহাজে পণ্য উঠানামার কাজ চলছে।
সকালে এ কে খান গেইটে এক সমাবেশে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা সভাপতি আখতারুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। বন্দর বন্ধ থাকবে। চট্টগ্রামকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখা হবে।
অবরোধের সমর্থনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সকাল থেকে নগরীতে ট্রাক মিছিল বের করে।
এ ছাড়া ১৪ দলের ডাকা অবরোধের প্রতিবাদে নগর বিএনপি বিকেলে কাজীর দেউড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে। এতে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানসহ ৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর জানান।
খুলনা: নগরীর কোথাও কোন যান চলাচল করেনি। অধিকাংশ দোকান পাট ছিল বন্ধ। তবে ব্যাংক বীমায় স্বাভাবিক লেন-দেন হয়েছে। স্কুল-কলেজ, আদালতও ছিল খোলা।
এদিকে মহানগরীর ১০টি এবং জেলার ২২টি পয়েন্টে ১৪ দলের নেতাকর্মীরা অবস্থান সকালেই দখলে নেয়। অবরোধে বাস, ট্রেন এবং লঞ্চ চলাচল ছিল বন্ধ। সকালে অবরোধকারীদের বাধার মুখে কপোতক্ষ ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। শহরে অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।
গাজীপুর: অবরোধে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে দুরপাল্লার যানবাহন চলাচল করেনি। সকালে টঙ্গী, বোর্ড বাজার, বড়বাড়ি, চান্দনা চৌরাস্তায় পিকেটাররা কয়েকটি টেম্পো ও হলারের কাঁচ ভাংচুর করে।
অবরোধের সমর্থনে গাজীপুর শহর ও টঙ্গীতে আওয়ামী লীগ বড় বিক্ষোভ মিছিল করেছে। বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশের পাহারায় বেশ কয়েকটি ট্রেন চললেও প্রত্যেকটিরই যাত্রা বিলম্বিত হয় এবং যাত্রী সংখ্যাও ছিল কম।
কিশোরগঞ্জ: সড়ক পথে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মানিক খালি রেল স্টেশনে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর এগার সিন্ধুর এক্সপ্রেস ও ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি দুটি বেলা ১১টার দিকে অবরোধকারীরা আটকে দেয়।
সকালের দিকে আইনজীবীরা কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পটুয়াখালী: রাজধানী ঢাকাসহ ৩৫টি রুটে যান চলাচল বন্ধ ছিল। জেলা যুবলীগ শহরের চৌমাথায় সমাবেশ করেছে।
যশোর: সকালের দিকে নেতাকর্মীরা জেলার তিনটি প্রবেশ মুখ খাজুরা বাসস্ট্যাণ্ড মোড়, চাঁচড়া ও মুড়লি মোড়ে অবস্থান নেয়। তবে অন্যান্য দিনের তুলনায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম।
দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন দৌলতপুরে আসামাত্র অবরোধকারীরা তা আটকে দেয়। এছাড়া অন্য কোন ট্রেন যশোরে আসেনি। অবরোধের কারণে জিএমজিও সকল ফ্লাইট বাতিল করেছে।
নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ৬টি পয়েন্টে অবরোধকারীরা অবস্থান নিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় সকাল থেকেই।
বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএম আকরাম ও সাবেক সাংসদ বাহাউল হকের নেতৃত্বে কয়েক’শ নেতাকর্মী কাঁচপুর ব্রীজের ঢালে শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে।
নরসিংদী: শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে জেলায়। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে ও হাতি দিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার ভেলানগরে অবরোধের কারণে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। নৌপথেও অবরোধের ফলে নৌ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ টার্মিনালে তৈরি করা হয়েছে জনতার মঞ্চ।
জয়পুরহাট: দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। অফিস-আদালত, স্কুল-কলেজ খোলা থাকলেও উপস্থিতির হার ছিল কম। এছাড়া হিলি স্থল বন্দর অচল হয়ে পড়ার কারণে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি।
শহরের প্রধান সড়কে ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার কালাই উপজেলায় আওয়ামী লীগের দুটি গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
নড়াইল: সকালে রুপগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্ত্বরে শেষ হয়। পরে আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস এর সভাপতিত্বে কোর্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরীফ হুমায়ন কবির, পৌর চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্ব্াস জাসদ নেতা হেয়ামেত উল্লাহ হিরু প্রমুখ।
বাগেরহাট: মংলা বন্দরে জাহাজে মালামাল উঠা নামার কাজ অবরোধের আওতামুক্ত রাখায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলায় জাহাজে মালামাল উঠা নামার কাজ স্বাভাবিক গতিতে চলছে। তবে বাগেরহাট জেলায় শান্তিপূর্ণভাবে ১৪ দলের অবরোধ কর্মসূচি চলছে।
১৪ দলের নেতা-কর্মীরা বাগেরহাটের বিভিন্ন সড়ক ও মহাসড়কের ১২টি পয়েন্ট আবরোধ করে রেখেছে। ফলে বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার সড়ক ও নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের ২২টি জেলার আভ্যন্তরীণ রুট গুলোতেও রোববার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ১৪ দলের নেতা-কর্মীরা বাগেরহাট শহরসহ বিভিন্ন উপজেলায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
