২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান উপদেষ্টা নিয়োগসহ ৫ দাবি জানিয়েছি: জলিল

নতুন প্রধান উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রপতির কাছে তারা পাঁচটি দাবি উত্থাপন করেছে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 01:55 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে ১৪ দলীয় নেতাদের আড়াই ঘণ্টা বৈঠক শেষে মধ্যরাতের পর ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন।

তিনি বলেন, তারা রাষ্ট্রপতির কাছে পাঁচটি দাবি জানিয়ে এসেছেন। এগুলো হলো নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ, সর্বোচ্চ আদালতের রায় অনুয়ায়ী ভোটার তালিকা হালনাগাদের পর তফসিল ঘোষণা, পুরো নির্বাচন কমিশন পুনর্গঠন, পুলিশ ও প্রশাসনে রদবদল এবং চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল।

জলিল বলেন, “আমরা পরিষ্কার বলেছি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে অনবরত সংবিধান লঙ্ঘন করে চলেছেন। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ অবস্থায় তাকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে অন্য একজন নিরপেক্ষ ব্যক্তিকে এ পদে নিয়োগের দাবি জানিয়েছি।”

ঘোষিত তফসিলকে অবৈধ বলে উল্লেখ করে তিনি তা বাতিলের দাবি জানান।

তিনি বলেন, “নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ ও প্রশাসনকে যেভাবে রদবদল করা প্রয়োজন সেভাবেই করতে হবে যা অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো করেছে। সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে।”

খণ্ড খণ্ড সিদ্ধান্ত নিয়ে জাতিকে বিভ্রান্ত না করার জন্য ১৪ দল নেতারা রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

আব্দুল জলিল বলেন, “এমএ আজিজকে ছুটি দিয়ে জাতিকে একবার বিভ্রান্ত করা হয়েছিল। এছাড়া বিতর্কিত দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়ে দেশে নিরপেক্ষে কোনো লোক নেই বলে তত্ত্বাবধায়ক সরকার প্রমাণ করতে চেয়েছে।”

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি পরিস্থিতিকে জটিল করে তুলছেন।

বঙ্গভবনে বৈঠকের সময় উপদেষ্টা পরিষদ ১৪ দলের দাবি বাস্তবায়নের ব্যাপারে কী করতে পারবে রোববারের মধ্যে তা জানাতে বলা হয়েছে বলে তিনি জানান।

জলিল বলেন, “উপদেষ্টা পরিষদের উত্তর ইতিবাচক হলে চলমান আন্দোলন কর্মসূচি পুনর্বিবেচনা করা হবে।”

এর আগে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে ১৪ দলীয় নেতাদের আড়াই ঘণ্টা বৈঠকের পর বঙ্গভবনের সামনে সাংবাদিকদের তিনি একই কথা বলেন।

ওই সময় তিনি বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় আমরা উপদেষ্টা পরিষদকে বলেছি ভোটার তালিকা প্রণয়ন ও জনসম্মুখে প্রকাশ নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বশর্ত। এজন্য ভোটার তালিকা হালনাগাদের পর তফসিল ঘোষণার দাবি জানিয়েছি।”

“রাষ্ট্রপতি এ দাবি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।”

জলিল বলেন, “উপদেষ্টা পরিষদ তাদের দাবি সম্পর্কে সিদ্ধান্ত জানানোর পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।”

শিগগিরই উপদেষ্টা পরিষদ তাদের সিদ্ধান্ত জানাবেন বলে তিনি জানান।

দুই নির্বাচন কমিশনারকে অপসারণ বিষয়ে কোনো কথা হয়েছে কিনা এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জলিল বলেন, কোনো বিশেষ কাউকে নিয়ে তারা কথা বলেননি। তারা সামগ্রিকভাবে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করেছেন।

এদিকে বৈঠকের পর তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, ১৪ দল চারটি দাবি উত্থাপন করেছে। এগুলো হলো প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করা এবং এরপর তফসিল ঘোষণা।

তিনি আরও বলেন, “এসব দাবি নিয়ে আমরা রোববার আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ১৪ দলকে জানাবো।”

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় দুই জোটই আন্তরিক ছিল বলে তথ্য উপদেষ্টা জানান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রয়োজন হলে রোববারের মধ্যেই আবারও দুই জোটের সঙ্গে আলোচনা করা হবে।

তবে এই আলোচনা শনিবারের মতোই আলাদা আলাদাভাবে হবে বলে তিনি জানান।