সঙ্কটের জট খোলেনি, অবরোধ চলবে
রাষ্ট্রপতির সঙ্গে দুই জোটের চা পর্ব শনিবার গভীর রাত পর্যন্ত চললেও তা চলমান রাজনৈতিক সঙ্কটের জট এখনো খুলতে পারেনি। বঙ্গভবনে বৈঠক শেষে অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়ে দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল।
রাত পৌণে ৮টায় খালেদা জিয়ার নেতৃত্বে চার দলের নেতাদের সঙ্গে তিনি দু’ঘণ্টা বৈঠক করেন। আর রাত সোয়া ১০টা থেকে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতাদের সঙ্গে তার বৈঠকটি প্রায় আড়াই ঘন্টা স্থায়ী হয়। বৈঠকে দু’টি পক্ষই তাদের মতামত তুলে ধরেছে।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে চার দলীয় নেতারা বলেছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চান। নির্বাচনের তফসিল পরিবর্তন করার বিষয়টি তারা মেনে নেবেন, কিন্তু নির্বাচনের তারিখ পরিবর্তন মেনে নেয়া হবে না বলে রাষ্ট্রপতিকে তারা জানিয়েছেন। আর ১৪ দল পুরো নির্বাচন কমিশনের পরিবর্তন. ভোটার তালিকা হালনাগাদ করার পর নতুন নির্বাচনী তফশিল ঘোষণা ও প্রশাসনের রদবদলের দাবি তুলে ধরেছে।
উপদেষ্টামণ্ডলি রোববার এসব দাবি দাওয়া বিষয়ে তাদের মতামত জানাবে বলে কথা দিয়েছে। তবে ১৪ দল তাদের পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছে, দাবি কতটা মানা হবে সেটা জেনেই চলমান আন্দোলন বিষয়ে পরের সিদ্ধান্ত নেয়া হবে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়া এবং দুই নির্বাচন কমিশনারকে অপসারণের জন্য চাপ সৃষ্টি করতে ১৪ দল এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল।
এই দুই বৈঠকে ১০ উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাত সোয়া ১টার সময় এক প্রেস ব্রিফিং-এ তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, ১৪ দল চারটি দাবি জানিয়েছে। এগুলো হলো প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করা এবং তারপর তফসিল ঘোষণা।
তিনি আরও বলেন, “এসব দাবি নিয়ে আমরা রোববার আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ১৪ দলকে জানাবো।”
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় দুই জোটই আন্তরিক ছিল বলে তথ্য উপদেষ্টা জানান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রয়োজন হলে রোববারের মধ্যেই আবারও দুই জোটের সঙ্গে আলোচনা করা হবে।
তবে এই আলোচনা শনিবারের মতোই আলাদা আলাদাভাবে হবে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনারদের অপসারণ করা হবে কি না, সে প্রশ্নের জবাব এড়িয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের তিন মাসের ছুটিতে যাওয়া একটি ‘অর্জন’।
জলিল বলেন, “আমরা রাষ্ট্রপতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষাপট প্রস্তুতের আহ্বান জানিয়েছি। আমরা তাকে বলেছি নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।”
রাষ্ট্রপতির সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকের পর জলিল বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন।
তাদের দাবিগুলোর মধ্যে প্রধান ছিল নতুন একজন প্রধান উপদেষ্টা নিয়োগ। বাকিগুলো হলো সর্বোচ্চ আদালতের রায় অনুয়ায়ী ভোটার তালিকা হালনাগাদের পর তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন, পুলিশ ও প্রশাসনে রদবদল এবং চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল।
এর আগে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তনের ব্যাপারে তাদের আপত্তি নেই বলে জানিয়েছিল চার দলীয় জোট।
রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার দুই ঘণ্টার বৈঠক শেষে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনী তফসিল পরিবর্তনের ব্যাপারে আপত্তি নেই। তবে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ঠিক রেখে বাকি পরিবর্তন আনতে হবে।”
রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষ হয় রাত পৌনে ১০টায়।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মান্নান ভুঁইয়া বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনী তফসিল পরিবর্তনের ব্যাপারে আপত্তি নেই। তবে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ঠিক রেখে বাকি পরিবর্তন আনতে হবে।”
তিনি বলেন, “আমরা জানি না ১৪ দলের সর্বশেষ দাবি কী। তবে রাষ্ট্রপতি যদি তা তাদের কাছে জেনে আমাদের জানান তাহলে আমরা জোটগতভাবে আমাদের বক্তব্য জানাবো।”
চৌদ্দ দলের অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, “অবরোধ প্রত্যাহারের ব্যাপারে আমরা রাষ্ট্রপতিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। তিনি যেন ১৪ দলকে অবরোধ প্রত্যাহারের পরে আলোচনায় বসার অনুরোধ জানান।”
নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখা, নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তন, আইন-শৃঙ্খলার উন্নয়ন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানানো হয়েছে বলে মান্নান ভুঁইয়া জানান।
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রপতির এই বৈঠকে ১০ উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকার উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানানোর পর রাত পৌনে ৮টায় চারদলীয় জোটের নেতাদের নিয়ে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। পৌনে ১০টায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ হলেও খালেদা জিয়া ১০টায় বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। মান্নান ভূঁইয়াসহ জোটের অন্য নেতারা তার একটু আগে বঙ্গভবন ত্যাগ করেন।
বৈঠকে চারদলের পক্ষে ১৩ সদস্যের নেতৃত্ব দেন খালেদা জিয়া। অন্য সদস্যরা হলেন, বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গণি, কে এম ওবায়দুর রহমান, এম কে আনোয়ার খন্দকার দেলোয়ার হোসেন, মাহবুবউদ্দিন আহমাদ, জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ জাতীয় পার্টির নাজিউর রহমান মঞ্জুর ও ইসলামী ঐক্যজোটের ফজলুল হক আমিনী।
শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়ই রাষ্ট্রপতির চায়ের দাওয়াত গ্রহণ করার পর থেকেই সবারই চোখ এখন এ বৈঠক ও তার ফলাফলের ওপর। অবশ্য দুই নেত্রীর মধ্যে কে আগে যাবেন তা নিয়ে দিনভর বিভিন্ন গুজব ও আলোচনা শোনা যায়। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সম্মেলনে শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, “আমার সঙ্গে বৈঠক করার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে ঠিক করে নিন, কী করতে পারবেন বা পারবেন না।”
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশে আরও বলেন, “চায়ের দাওয়াতে যাবো। তবে ১০ উপদেষ্টাকেই সেখানে থাকতে হবে। সবার সামনেই আলোচনা হবে।”
উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘের বিশেষ দূত ক্রেইগ জেনিস তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে কিছু প্রস্তাব দিয়ে যান। এরপর রাষ্ট্রপতি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের দুই নেত্রীকে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতির দুই সহযোগী শুক্রবার রাতে দুই নেত্রীকে টেলিফোন করে আনুষ্ঠানিকভাবে তাদের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতির তথ্য উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী টেলিফোন করেন শেখ হাসিনাকে। আর বঙ্গভবনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদা জিয়াকে ফোন করেন। তবে সূত্র তার নাম বলতে অস্বীকৃতি জানান।
