২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে বন্দর বন্ধ রাখতে হবে: মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অবরোধ কর্মসূচির সময় বন্দর ও কাস্টমস হাউজ বন্ধ রাখতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 11:25 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এর আগে সিসিটি চালু নিয়ে ডক সিবিএর সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বিরোধ নিষ্পত্তি হলেও বন্দরের জাহাজ ও কন্টেইনার জট এখনও কাটেনি। এর উপর রোববার থেকে তৃতীয় দফা অবরোধ শুরু হলে পণ্য ও জাহাজ জট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলে বন্দর কর্তৃপক্ষ আশংকা করছে।

সূত্র জানায়, জাতীয় অর্থনীতির স্বার্থে অবরোধের সময় বন্দর সচল রাখার জন্য শনিবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে মহিউদ্দিন চৌধুরীকে টেলিফোনে অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে মহিউদ্দিন চৌধুরী বলেন, “তাঁরা আমাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমরা তাঁদের কথা শুনবো কেন?”

অবরোধে বন্দর বন্ধ থাকবে কিনা-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বন্ধ মানে, সম্পূর্ণ বন্ধ থাকবে। ভেতরেও কোনও কাজ করতে দেয়া হবে না।”

বন্দরের ট্রাফিক বিভাগ ও কন্ট্রোল রুম সূত্র জানায়, জেটি ও বহিঃনোঙ্গরে বর্তমানে ৬৩ টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কন্টেইনারবাহী জাহাজ ২১ টি। জাহাজগুলোতে প্রায় সাড়ে ১২ হাজার কন্টেইনার রয়েছে। এছাড়া প্রায় ১৩ হাজার কন্টেইনার ধারণ ক্ষমতা থাকলেও ইয়ার্ডগুলোতে বর্তমানে স্তুপ আকারে সাড়ে ১৭ হাজার কন্টেইনার রয়েছে।

সূত্র জানায়, প্রতিদিন জাহাজ থেকে গড়ে ১ হাজার ২শ’টি কন্টেইনার খালাস করা হয়ে থাকে।