২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার দুই ঘণ্টা বৈঠক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শনিবার রাতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে রাতে দুই ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠক শেষ হয় রাত পৌণে দশটায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 10:59 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

শুক্রবার রাষ্ট্রপতি তাকে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানান। রাত পৌনে আটটায় বিএনপি ও চারদলীয় জোটের নেতাদের নিয়ে খালেদা জিয়া বঙ্গভবনে প্রবেশ করেন। পৌনে দশটায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ হলেও খালেদা জিয়া ১০ টায় বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। মান্নান ভূঁইয়াসহ জোটের অন্য নেতারা তার একটু আগে বঙ্গভবন ত্যাগ করেন। বৈঠকের ফলাফল নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বৈঠকের ফলাফল জানান মান্নান ভূঁইয়া।

খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রপতির এই বৈঠকে ১০ উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকার উপস্থিত ছিলেন।

বৈঠকে চারদলের পক্ষে ১৩ সদস্যের নেতৃত্ব দেন খালেদা জিয়া। অন্য সদস্যরা হলেন, বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গণি, কে এম ওবায়দুর রহমান, এম কে আনোয়ার খন্দকার দেলোয়ার হোসেন, মাহবুবউদ্দিন আহমাদ, জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ জাতীয় পার্টির নাজিউর রহমান মঞ্জুর ও ইসলামী ঐক্যজোটের ফজলুল হক আমিনী।

শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়ই রাষ্ট্রপতির চায়ের দাওয়াত গ্রহণ করার পর থেকেই সবারই চোখ এখন এ বৈঠক ও তার ফলাফলের ওপর। অবশ্য দুই নেত্রীর মধ্যে কে আগে যাবেন তা নিয়ে দিনভর বিভিন্ন গুজব ও আলোচনা শোনা যায়। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সম্মেলনে শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, “আমার সঙ্গে বৈঠক করার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে ঠিক করে নিন, কী করতে পারবেন বা পারবেন না।”

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশে আরও বলেন, “চায়ের দাওয়াতে যাবো। তবে ১০ উপদেষ্টাকেই সেখানে থাকতে হবে। সবার সামনেই আলোচনা হবে।”

উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘের বিশেষ দূত ক্রেইগ জেনিস তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে কিছু প্রস্তাব দিয়ে যান। এরপর রাষ্ট্রপতি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের দুই নেত্রীকে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির দু’জন সহযোগী শুক্রবার রাতে দুই নেত্রীকে টেলিফোন করে আনুষ্ঠানিকভাবে তাদের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির তথ্য উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী টেলিফোন করেন শেখ হাসিনাকে। আর বঙ্গভবনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদা জিয়াকে ফোন করেন। তবে সূত্র তার নাম বলতে অস্বীকৃতি জানান।

এদিকে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবরোধসহ রাজপথের আন্দোলন থেকে সরিয়ে আনতে ‘বেশি ছাড়’ দিতে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একটি সূত্র। শেখ হাসিনা প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার দাবি জানানোয় রাষ্ট্রপতি তাকে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে কিছু ছাড় দিতে পারেন বলে বঙ্গভবন সূত্র জানিয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাদের বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, রাজনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা হিসেবে রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আলাদা আলাদাভাবে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানাবেন।

তিনি আরও জানান, তারা নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।

তবে তিনি বলেন, “নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

ওই বৈঠকে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ উপস্থিত ছিলেন না।

নির্বাচন কমিশনারদের অপসারণ করা হবে কি না, সে প্রশ্নের জবাব এড়িয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের তিন মাসের ছুটিতে যাওয়া একটি ‘অর্জন’।