চলমান সঙ্কট বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ: জেনিস
বাংলাদেশে চলমান রাজনৈতিক সঙ্কট গণতান্ত্রিক ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ এবং এ পরিস্থিতি চলতে থাকলে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশটির গৌরবোউজ্জ্বল ভূমিকা ক্ষুণ্ন হবে।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রেইগ জেনিস শুক্রবার ঢাকা ছাড়ার আগে দুপুরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
বর্তমান সঙ্কট অব্যাহত থাকার প্রেক্ষিতে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে জাতিসংঘ শান্তিরক্ষার কাজে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে তিনি সরাসরি এর কোন উত্তর দেননি।
তবে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত হওয়ার পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে এদেশের ভূমিকা ক্ষুণœ হবে।”
জেনিস বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান ক্ষেত্র তৈরি, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি, সবার কাছে আস্থাশীল একটি নির্বাচন কমিশন, সব বৈধ ভোটারের অবাধে ভোটদান নিশ্চিত, একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা প্রতিটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত।
তিনি বলেন, নির্বাচনের ওপর জনগণের আস্থা সৃষ্টির জন্য প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। কোন নির্বাচন এসব শর্ত পুরণে ব্যর্থ হলে সেটি দেশে-বিদেশে বিশ্বাসযোগ্য হবে কিনা সে বিষয়ে একটা ঝুঁকি থাকে।
বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি কতটা অনুকূল বলে মনে করেন, জানতে চাইলে জেনিস বলেন, বর্তমানে এখানকার নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আর তাই রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবারই পরিবেশ উন্নয়নের জন্য কাজ করতে হবে।
বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের আলোচনার উল্লেখ করে জাতিসংঘের কর্মকর্তা জানান, যেকোন মূল্যে সংঘাত দূর করে একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সবাই একমত।
গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নষ্ট হওয়ায় এদেশের মানুষ গভীরভাবে উদ্বিগ্ন বলে তিনি মন্তব্য করেন।
তিনি বর্তমান পরিস্থিতিকে ভীতিকর হিসেবে অভিহিত করে বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ইস্যুতে দূরত্ব না থাকলেও তাদের মধ্যে পরস্পরের প্রতি আস্থার ঘাটতি আছে। আমার বিশ্বাস একমাত্র সংলাপের মাধ্যমেই এই সঙ্কট কাটানো সম্ভব।”
চলমান সঙ্কট নিরসনে জাতিসংঘ কোন উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাই না। আর কারো প্রতি কোন সুনির্দিষ্ট প্রস্তাবও নেই।”
এক প্রশ্নের উত্তরে ক্রেইগ জেনিস বলেন, “সঙ্কট নিরসনে প্রধান দু’দলের নেতৃবৃন্দকে সংলাপে বসতে অনুরোধ জানিয়েছি। আমার বিশ্বাস এদেশের নেতারা গণতন্ত্রের জন্য অতীতের মতো এবারও প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছাতে ছাড় দিতে সমর্থ হবেন।”
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের ভূমিকা বিষয়ে তিনি বলেন, “অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের মৌলিক দায়িত্ব রয়েছে। আর এ ব্যাপারে তাদের যে অঙ্গীকার রয়েছে সেটা পূরণে আরও উদ্যোগী হওয়ার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে দিতে হবে।”
পাশাপাশি জেনিস এটাও মনে করেন, বর্তমান রাজনৈতিক বিভক্তি অর্থনীতিকে বিপন্ন করায় অনিশ্চয়তা বাড়ছে।
জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা জানতে চাইলে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়েন বলেন, “আমরা নির্বাচন পর্যবেক্ষণে সরাসরি অংশ নেই না। অন্যান্য আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়কারীর ভূমিকায় কাজ করি। এবারও তা করবো। এরমধ্যেই যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও কমনওয়েলথ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কাজ সমন্বয়ের জন্য আমাদের অনুরোধ জানিয়েছে।”
উল্লেখ্য, বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব কফি আনানের দূত হিসেবে তিনদিনের সফরে গত বুধবার ঢাকায় আসেন জাতিসংঘ সদর দপ্তরের ইলেক্টরাল অ্যাসিস্ট্যান্স ডিভিশনের পরিচালক ক্রেইগ জেনিস।
তিনদিনের বাংলাদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাবৃন্দ, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
