আ. লীগ কর্মীরাই আদালতে হামলা চালিয়েছে: বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ বৃহস্পতিবার অভিযোগ করেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং আওয়ামী লীগের বহিরাগত কর্মীরাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা ও তান্ডব চালিয়েছে।
বৃহস্পতিবারের ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ অভিহিত করে সাবেক সংসদ সদস্য মাহবুব উদ্দিন বলেন, “এটা বিচার বিভাগের ওপর হামলা।”
চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর এ সময় উপস্থিত ছিলেন।
মাহবুব উদ্দিন বলেন, আওয়ামী লীগপন্থী আইনজীবীরা ওমরের গাড়িসহ অনেকের পুড়িয়েছে। অ্যাটর্নী জেনারেলের অফিসে হামলা চালিয়ে তছনছ করেছে। তারা অদালতের ১২ নং কক্ষও তছনছ করে।
‘এটা আদালত অবমাননা,’ মাহবুব বলেন।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি ঘটনার সাথে জড়িতদের বিচার করার দাবি জানান।
মওদুদ আহমেদ বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা চায়না বলে এই হামলা চালিয়েছে।
