আ. লীগ সমর্থিত আইনজীবীদের দায়ী করলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শেরে বাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগের আইনজীবীদের এই বিশৃঙ্খলা সৃষ্টি বিচার বিভাগের প্রতি অবমাননার শামিল। তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত।
খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ নির্বাচন চায় না। তারা জানে নির্বাচন হলে তাদের ভরাডুবি ঘটবে। এ জন্য তারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।”
তিনি বলেন, “৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে।”
তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে চারদলীয় জোটের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা সব এক থাকলে আগামীতে জনগণ আমাদেরই ভোট দেবে। শান্তি, গণতন্ত্র, উন্নয়নের বিজয় হবে। নৈরাজ্য ও ধ্বংসের রাজনীতি ভেসে যাবে।”
১৪ দলের প্রতি নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শান্তির পথে আসুন, জনকল্যাণের পথে আসুন। ২১ জানুয়ারি জনগণই ফয়সালা করবে কে ক্ষমতায় যাবে।”
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিচারপতি টি এইচ খান, শাহ মোহাম্মদ খসরুজ্জামান, ব্যারিস্টার শাহজাহান ওমর, বজলুর রহমান, ফজলুর রহমান খান প্রমুখ ।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক আইন মন্ত্রী মওদুদু আহমেদ, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার আমিনুল হক প্রমুখ।
বিএনপি সমর্থিত পেশাজীবীদের সাথে মতবিনিময়ের এটাই ছিল শেষ পর্যায়।
