২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বানচালের উদ্দেশ্য আমাদের নেই: উপদেষ্টা ধীরাজ

উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছেন, “নির্বাচন বানচালের কোন উদ্দেশ্য আমাদের নেই। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। দেশের মানুষের জন্য, দেশের শান্তির জন্য সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে যেখানে কথা বলা দরকার আমরা সেখানেই কথা বলছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এক বক্তব্যের জবাবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিজয় দিবস উদযাপন সংক্রান্ত এক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মৎস ও পশুসম্পদ, গণপূর্ত ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরীর শেখ হাসিনার বাসায় যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই উদ্যোগ দূরত্ব কমিয়ে আনবে।”

এছাড়া, দেশে বিদ্যমান রাজনৈতিক সঙ্কট ও শান্তির জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাত দফা প্রস্তাব সম্পর্কে ধীরাজ কুমার নাথ বলেন, “এটা রাজনীতিবিদরা দেখবেন। তাঁর এই প্রস্তাবে দেশের মানুষের জন্য শান্তির বার্তা আছে।”

উত্তরা তদন্ত কমিটি সম্পর্কে বলেন, “এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে হয়নি। এই তদন্ত কমিটির মেয়াদ সাতদিন। তবে প্রয়োজনে সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন কমিটির প্রধান।’

ধীরাজ কুমার নাথ সাংবাদিকদের বলেন, কমিটির কার্যপরিধি নিয়ে এই সমস্যা কেন হলো সে বিষয়ে তিনি সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর কাছে জানতে চেয়েছিলেন ।

উপদেষ্টা বলেন, সংস্থাপন সচিব তাঁকে জানান “শৃঙ্খলার বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের নিজস্ব কিছু নিয়ম আছে। সে নিয়মের আওতায় সংস্থাপন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছাড়াও অনেক কিছু করতে পারে।”