লাগাতার অবরোধ শিথিল করা নিয়ে জলিলের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক
লাগাতার অবরোধ শিথিল করা নিয়ে বিজিএমইএ নেতৃবৃন্দ বুধবার রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে বৈঠক করেছেন। অবরোধ রোববার থেকে শুরু হওয়ার কথা।
জলিলের গুলশানের বাসভবনে রাত সাড়ে নয়টায় বৈঠক শুরু হয়। শেষ হয় পৌনে এগারটায়।
বৈঠক শেষে জলিল সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ী নেতারা তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। দেশের ক্রান্তিকালে সাধারণ নাগরিক হিসেবে তারাও উদ্বিগ্ন। আমরাও তাদের অসুবিধা বুঝি। আমরা চাই না কোনো কারণে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হোক।”
চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা শাখের করাতের মধ্যে পড়েছি। এদিকে গেলেও কাটি, ওদিকে গেলেও কাটি।”
তিনি আরো বলেন, “এখনও দুই দিন সময় আছে, এ ব্যাপারে আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করব। কোনো সমাধান বের করা যায় কি না তা নিয়ে চিন্তা করব।”
তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করেন, “আপনারাও এমন কিছু করুন যাতে ইয়াজউদ্দিন সাহেব আমাদের দাবি মেনে নেন। তাহলেই আমরা অবরোধ তুলে নেব।”
বিজিএমইএর সভাপতি এসএম ফজলুল হক বলেন, “আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে বললেই চলে। আমরা চাই না বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বাজার রাজনৈতিক কারণে অন্যের দখলে চলে যাক। রোববার থেকে অবরোধ হলে ক্রেতাদের বুঝিয়ে বলার কোনো উপায় আর থাকবে না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা রাষ্ট্রপতির কাছে যাব। তার কাছে দাবি জানাব তিনি যেন সব সমস্যার সমাধান করেন।”
বৈঠকে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম ও জাসদ নেতা হাসানুল হক ইনু এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে বিজিএমইএ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লিটন, লুৎফর রহমান, হারুন অর রশিদ, সাবেক সভাপতি টিপু মুন্সী এবং সাবেক সহ-সভাপতি সালাম মুর্শেদী প্রমূখ।
