রাষ্ট্রপতি মৌখিক বার্তা পাঠালেন হাসিনাকে
রাষ্ট্রপতির তথ্য উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী বলেছেন, তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রপতির একটি ‘মৌখিক বার্তা’ পৌঁছে দিয়েছেন। তবে বার্তাটি কি তা তিনি বলতে রাজী হননি সাংবাদিকদের।
তথ্য উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনাও তার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটি বার্তা পাঠিয়েছেন। সেসম্পর্কেও তিনি কিছু জানাননি।
বুধবার রাতে শেখ হাসিনার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে দেখা করে তথ্য উপদেষ্টা মৌখিক বার্তাটি পৌঁছে দেন।
রাত ৯টা ৪৩ মিনিটে সুধাসদন থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে নির্বাচনী তফসিল পেছানো যেতে পারে বলে মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব যে মন্তব্য করেছেন তা নিয়ে তিনি আলোচনা করতে এসেছিলেন।
রাষ্ট্রপতির তথ্য উপদেষ্টা বলেন, এরপর তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন। তাঁর কাছে সময় চাওয়া হয়েছে। সময় দিলেই তিনি দেখা করবেন। দুই নেত্রীর সঙ্গে আলোচনার পর তা নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হবে।
নির্বাচনী তফসিল পেছানো হবে কিনা-এ প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন, আলোচনা সাপেক্ষে এটা ভেবে দেখা হবে।
