২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘ দূতের সংশয়

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ও সহিংসতার পরিপ্রেক্ষিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রেইগ জেনিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বাংলাদেশ সফররত দূত ক্রেইগ জেনিস বলেছেন, “বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তবে পররাষ্ট্র সচিব তাঁকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশ্বস্ত করেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব কফি আনানের পক্ষ থেকে তাঁর বিশেষ দূত ক্রেইগ জেনিস বুধবার সকালে তিনদিনের সফরে ঢাকা এসে পৌঁছান।

এর আগে জাতিসংঘ দূত বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাত করেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও বিকেলে তাঁর ধানমণ্ডির বাসভবনে দেখা করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী ইস্যুগুলো সংলাপের মাধ্যমে এখনও সমাধান হতে পারে বলে তিনি আশা করেন।

ক্রেইগ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের জনগণ চায় এবং তাদের এটা প্রাপ্যও।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল সাংবাদিকদের জানান, তারা জাতিসংঘের দূতকে বলেছেন যে, নির্বাচন কমিশন মোটেও নির্দলীয় নয়। দলের প্রার্থী সেখানে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

জলিল বলেন, “নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করার দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের। কিন্তু রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা নিজেই সব সমস্যা তৈরি করছেন।”

পররষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে ক্রেইগ জেনিস বলেন, “বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন জাতিসংঘ মহাসচিব কফি আনান। আর তা জানানোর জন্যই আমার এখানে আসা। আমি মনে করি, এটা শুধু জাতিসংঘেরই নয়, বাংলাদেশের নাগরিকদেরও প্রত্যাশা।”

ক্রেইগ আরও বলেন, বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলি ও সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের ঘটনা কারও কাছেই প্রত্যাশিত নয়। বিষয়গুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা এবং সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক মতপার্থক্য নিরসনের জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানাবেন বলে উল্লেখ করেন।

জাতিসংঘ মহাসচিবের উদ্বিগ্ন হওয়ার প্রধান কারণ জানতে চাইলে দূত বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ।

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সাংবাদিকদের বলেন, তাদের বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অবদান এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

“আমরা তাকে আশ্বস্ত করেছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তাদের আরো জানানো হয়েছে, শুধু জাতিসংঘ কেন, সব বিদেশি পর্যবেক্ষকদেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।

বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিজ রেনাটা লক-ডেসালিয়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।