২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজ

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের গুলশানের বাড়িতে মঙ্গলবার রাতে এক নৈশভোজে শীর্ষ স্থানীয় সরকারী কর্মকর্তা ছাড়াও শীর্ষস্থানীয় রাজনীতিক, আইনজীবী, সাংবাদিক এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 10:54 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সন্ধ্যা সাতটা থেকে বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দিতে থাকেন। নৈশভোজ শেষে রাত নয়টার দিকে তারা সেখান থেকে বেরিয়ে যান।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিউটেনিসের ভোজসভায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার উপস্থিতিকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে নৈশভোজে কী আলোচনা হয়েছে তাৎক্ষণিভাবে তা জানা যায়নি।

নৈশভোজে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছির, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, এলডিপি নেতা মাহী বি চৌধুরী, জাতীয় পার্টির একাংশের মহাসচিব রহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আইএমএফের আবাসিক প্রতিনিধি জনাথন ডান, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ড. মোশাররফ হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ, মহিলা আইনজীবী সমিতির সালমা আলী, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, রাষ্ট্রপতির তথ্য উপদেষ্টা মোকলেছুর রহমান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, ড কামাল হোসেন, অর্থসচিব সিদ্দিকুর রহমান, জেএমজি এয়ারলাইন্সের সাহাব সাত্তার এবং সিরডাপের ড. দুর্গা টি প্যাটেল।

নৈশভোজে অন্যান্যের মধ্যে পাকিস্তান, মিশর, ব্রুনেই, আফগানিস্তান, মরক্কো, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।