২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রণ্ট

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশন ঘোষিত তফসিল সোমবার প্রত্যাখ্যান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 11:17 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ফ্রন্টের চেয়াম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বারিধারায় এলডিপির প্রেসিডিয়াম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, “ বিতর্কিত নির্বাচন কমিশন ঘোষিত জনগণের আকাক্সক্ষার সঙ্গে সঙ্গতিহীন এই তফসিল মেনে নেয়া হবে না।”

তিনি বলেন,“নির্বাচন আয়োজনের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের। কিন্তু একজন ব্যবসায়ী হাইকোর্টে রিট আবেদন করায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদটি এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।”

বদরুদ্দোজা চৌধুরী আরো বলেন, “ভুয়া ভোটারবিহীন একটি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের প্রধান কাজ হলেও তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। বর্তমান ভোটার তালিকায় এক কোটি ৩০ লাখেরও বেশি ভুয়া ভোটার আছে। তাদের তালিকা থেকে বাদ দিতে হবে।” এ ব্যাপারে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তড়িঘড়ি করে তফসিল ঘোষণাকে ‘ষড়যন্ত্র’ আখ্যায়িত করে তিনি বলেন, “জনগণ এটি মেনে নেবে না।” তিনি জোর দিয়ে বলেন, “রাজনৈতিকভাবে এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। নির্বাচন কমিশন পূনর্গঠন ছাড়া কোনো নির্বাচন দেশে অথবা বিদেশে গ্রহণযোগ্য হবে না।”

সংবাদ সম্মেলনে এলডিপি নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খান বলেন, “এভাবে নির্বাচনী তফসিল ঘোষণা সরাসরি আদালত অবমাননার সামিল।”

এলডিপি মহাসচিব আব্দুল মান্নান বলেন, “তফসিল ঘোষণার ফলে নির্বাচনের সার্বিক প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়েছে।”

মাহী বি চৌধুরী বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগের এক দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলন চালিয়ে যাবে।” এ জন্য ১৪ দলের সঙ্গে আলোচনা করে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।