২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে লাগাতার অবরোধ

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার থেকে দেশব্যাপী আবারও লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেন ও নতুন নিয়োগপ্রাপ্ত দুজন কমিশনারকে বিএনপি দলীয় বলে আখ্যায়িত করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 11:08 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সোমবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভা ও ১৪ দলের জরুরি বৈঠক শেষে ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসিনা বলেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানো, ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাহার, “বিতর্কিত” নির্বাচন কমিশনারদের নিয়োগ বাতিল, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ না করা পর্যন্ত অবরোধ চলবে।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, “নির্বাচনী তফসিল প্রত্যাহার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আগামী শনিবারের মধ্যে প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে রোববার থেকে সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হবে।”

হাসিনা আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে বিক্ষোভ এবং বৃহস্পতিবার বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালিত হবে। এ ছাড়া পূর্বঘোষিত মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির পরিবর্তে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

হাসিনা বলেন, “বিএনপি-জামায়াতের প্রেসক্রিপশন নিয়ে আরও দুজন নির্বাচন কমিশনার নিয়োগ করে রাষ্ট্রপতি রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছেন।”

তিনি বলেন, তাঁর জোট নির্বাচন করতে চায়, তবে তা অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে।

“ভোটার তালিকা এখনও প্রকাশ করা হয়নি, জনগণ জানে না তাদের নাম তালিকায় আছে কিনা। এ ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্দে আদালতে একটি রীট দায়ের করা হয়েছে। এ অবস্থায় কীভাবে তফসিল ঘোষণা করা হলো?”

রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়

আওয়ামী লীগ নেত্রীর এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠছে। বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজের শর্তসাপেক্ষে ছুটিতে যাওয়ার পর রাজনৈতিক আকাশে কিছুটা স্বস্তি ফিরে এলেও সোমবার আকস্মিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা এবং নতুন দুজন নির্বাচন কমিশনার নিয়োগের পর পরিস্থিতি আবারও জটিল আকার নেয়, পাল্টে যায় পুরো পরিস্থিতি।

সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করে, আগামী ২১ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ।

সেইসঙ্গে বহুল আলোচিত নতুন দুজন নির্বাচন কমিশনারও নিয়োগ দেওয়া হয় হঠাৎ করেই। এরা হলেন সাবেক পুলিশ প্রধান মোদাব্বির হোসেন চৌধুরী এবং সাবেক জেলা জজ ও দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক সাইফুল আলম।

নির্বাচন কমিশন সচিব আবদুল রশীদ সরকার সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, হাতে সময় কম থাকায় এবং সামনে অনেক ছুটি থাকায় তাকে এখনই তফসিল ঘোষণা করতে হলো। তফসিল ঘোষণার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে নির্বাচন কমিশন বাধ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল নির্বাচনী তফসিল তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে বলেন,

“লুকোচুরি করে এরকম একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে না।”

অন্যদিকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ১৪ দলের উদ্দেশে টালবাহানা না করে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন।

রাজশাহীসহ বিভিন্ন স্থানেও তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এমনকি মোদাব্বির হোসেন চৌধুরীর বিরুদ্ধে তাঁর নিজ এলাকা হবিগঞ্জেও তার বিরোধিতা করে বিক্ষোভ হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে তফসিল ঘোষণা এবং নতুন দুজন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের অনেকেই জানতেন না বলে জানিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার এক বৈঠক থেকে বেরিয়ে মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনী তফসিল নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আজই যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে তা ১০ উপদেষ্টার কেউই জানতেন না। সাংবাদিকদের মাধ্যমেই তিনি জেনেছেন।

উপদেষ্টা সুলতানা কামালও সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের জানান, নির্বাচনের তফসিল বা নতুন নিয়োগ পাওয়া দুই কমিশনার সম্পর্কে কিছু জানতেন না তারা।

একই কথা বলেছেন আরেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।