টালবাহানা না করে নির্বাচনে আসুন: ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ১৪ দলের উদ্দেশে বলেছেন. টালবাহানা না করে নির্বাচনে আসুন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকেলে ৪ দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনাদের সঙ্গে যদি ১৪ কোটি মানুষ থাকে তাহলে ভয় পাচ্ছেন কেনো ? নির্বাচনে আসুন প্রমান হয়ে যাবে কোন দল জনপ্রিয়।”
তিনি জোটের নেতা-কর্মীদের আর সময় নষ্ট না করে নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহবান জানান।
মহানগর বিএনপি সভাপতি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জামায়েত ইসলামীর মো. কামারুজ্জামান, এটিএম আজাহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের আহম্মেদ আব্দুল কাদের, আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) শামীম আল মামুন, এবিএম গোলাম মোস্তফা প্রমুখ।
মান্নান ভূঁইয়া ১৪ দলের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ করে বলেন,“তারা জিততে পারবে না বলেই নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়। তাদের আন্দোলন-অবরোধের প্রতি জনসমর্থন মেলেনি। তাই তারা আদালতে গেছে।”
১৪ দলের দাবি প্রসঙ্গে তিনি বলেন,“এক সময় তাদের দাবি ছিলো বিচারপতি কে এম হাসান প্রধান উপদেষ্টা থাকতে পারবেন না। এরপর তারা প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের অপসারণ দাবি করলো। এখন আবার তারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে। আসলে তাদের দাবির শেষ নেই। দাবি তখনই শেষ হবে, যখন তাদের বিনা প্রতিন্দ্বিতায় ক্ষমতায় বসানো হবে।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদ বলেন, ১৪ দল নির্বাচন বানচাল করতে চায়। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের উদ্দেশে বলেন,“তফসিল ঘোষণার পর কেউ যদি নৈরাজ্যকর কর্মসূচি দিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কারণ সেগুলো কোনোভবেই রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাসী কর্মসূচি।”
নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে এই সমাবেশ ডাকা হলেও ‘ধানের শীষ’ আর ‘খালেদা জিয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
নৈরাজ্য ও বিশৃঙ্খলা অবসানের দাবিতে মঙ্গলবার বিকেলেও মুক্তাঙ্গনে চার দল সমাবেশ করবে।
