জেএমবির ২ জঙ্গির আপিলের শুনানি অনুষ্ঠিত
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ৬ জঙ্গির মধ্যে দু’জনের আপিলের শুনানি রোববার সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘাতক মামুন ও আবদুল আওয়ালের পক্ষে শুনানিতে অংশ নেন রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. সালাহউদ্দিন।
আদালত তাকে প্রশ্ন করে, “জঙ্গিরা বলেছে তারা তাগুতি আদালতে বিচার চায়না। সেক্ষেত্রে তাদের আপীল কিভাবে গ্রহণযোগ্য হয়? তাছাড়া তারা এ আদালতে আত্মসমর্পনও করেনি।”
উত্তরে রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, “সংবিধান অনুযায়ী সুপ্রিমকোর্ট তাগুতি আদালত নয়। জঙ্গিদের আপিল করার অর্থই হলো তারা পুরোপুরি ন্যায় বিচারের প্রত্যাশায় এ আদালতে আত্ম সমর্পন করেছে। তাই তাদের আপিল গ্রহণযোগ্য।”
হাইকোর্ট গত ৩১ আগস্ট জেএমবির ৭ শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখে। এর আগে গত ২৯ মে ঝালকাঠির আদালত তাদের মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দেয়।
