বিএনপি নেত্রীর মিথ্যাচার ক্ষমার অযোগ্য: হাসিনা
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের শাসনামলে দ্রব্যমূল্য বাড়েনি বলে দাবি করে বিএনপি নেত্রী ক্ষমার অযোগ্য মিথ্যাচার করেছেন।
দ্রব্যমূল্য নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে শনিবার এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী বলেছেন যে তিনি নাকি প্রমান দিয়ে দেখিয়ে দেবেন, তার সময়ে দ্রব্যমূল্য বাড়েনি। অথচ, বাংলাদেশের মানুষ দেখেছে, আগের ১০ টাকার মোটা চাল এখন ২০ টাকা হয়েছে। ২৭ টাকার সয়াবিন তেল ৬২ টাকা, ১০ টাকার লবণ ১৭ টাকা, ২৮ টাকার চিনি ৪৮ টাকা, ৭ টাকার আলু ২৫ টাকা, ১২ টাকার পিঁয়াজ ২৪ টাকা, ১২ টাকার আটা হয়েছে ২৩ টাকা। এছাড়া বিএনপি-জামায়াত জোট সরকার ৫ বছরে ৬ বার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। ১৫ টাকার ডিজেল এখন ৩৫ টাকা, ১৫ টাকার কেরোসিন ৩৬ টাকা।
তিনি বলেন, যারা সরকারি টাকায় দ্রব্যমূল্য কিনে খাওয়া দাওয়া করেন তাদের পক্ষে জিনিসপত্রের দাম বাড়ার কষ্ট বুঝতে না পারাই স্বাভাবিক। দেশের ১৪ কোটি মানুষ হাড়ে হাড়ে বিএনপি-জামায়াতের দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি টের পাচ্ছে।
তিনি অভিযোগ করেন, খালেদার আশে-পাশে যারা থাকেন তাদের আয় বেড়েছে। যারা একদিন ভাঙ্গা স্যুটকেস আর ছেঁড়াগেঞ্জির নাটক দেখিয়েছিলো তারাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। জনগণের সম্পদ লুট করে তারা ভোগ বিলাসে ব্যস্ত রয়েছেন।
তিনি বলেন, যারা দুর্নীতি করে জনগনের টাকা চুরি করে সম্পদের পাহাড় গড়েছে দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের কিছু যায় আসে না। কিন্তু যারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল রোজগার করে তারা জানে টাকা উপার্জন কতোটা কষ্টের।
তিনি আওয়ামী লীগের শাসনামলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ আমলে একজন রিকশাচালক দিনে ১০০ টাকা রোজগার করলে ১০ কেজি চাল কিনতে পারতো। আর তাদের আমলে সেই টাকা দিয়ে ৫ কেজি চাল কেনাও সম্ভব হয়নি।
