পটুয়াখালীতে এক আ. লীগ কর্মী নিহত
কুয়াকাটায় শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে নুর জামাল (২৬) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ নেতাকর্মী। আহতদের মধ্যে ফারুক (২৩) নামের এক আওয়ামী লীগ কর্মীর অবস্থা আশংকাজনক।
পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত বিএনপি কর্মী শানু, জাফর মৃধা, জামাল, ইসমাইল, মালেক গাজী ও হাকিম গাজীকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মোবাইল ফোন নিয়ে একটি দুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষ রামদা, চাকু ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিএনপি কর্মীদের হামলায় মারাত্মক জখম হন নুর জামাল। তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
তবে নিহতের ভাই নুর সায়েদ অভিযোগ করেছেন, ওই রাতে নুর জামাল তার কর্মীদের নিয়ে পর্যটন চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালালে নুর জামাল গুরুতর আহত হয়।
সংঘর্ষের পর এলাকায় দুই দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ শনিবার কুয়াকাটায় এক প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ মাহাবুবুর রহমানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
