নিয়োগ, বদলি ও পদোন্নতির জন্য নতুন সাব কমিটি
প্রশাসনে নিয়োগ, বদলি, পদোন্নতি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে একটি সাব কমিটি গঠন করেছে প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মন্ত্রী পরিষদ বিভাগ সচিব মো. আবু সোলায়মান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আলী ইমাম মজুমদার এবং সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী। সাব কমিটিকে কাজ করার জন্য লিখিত দিক নির্দেশনা দিয়েছে প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ প্রশাসনে নিয়োগ ও বদলি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার জন্য এই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন , “নির্বাচনের তফসিল ঘোষণার আগে মাঠ প্রশাসনের নিয়োগ বদলি সম্পন্ন করতে হবে। তফসিল ঘোষণা করার পর এ পর্যায়ে রদবদলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। কাজেই আমরা প্রথমে সিভিল এবং পুলিশ প্রশাসনের যেসব পদে পরিবর্তন আনা প্রয়োজন সে কাজগুলো শেষ করতে চাচ্ছি।”
জানা গেছে, শুধু প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পক্ষে এ কাজ দ্রুত করা সম্ভব নয়। তাই সচিবদের দিয়ে একটি সাব কমিটি গঠন করা হয়েছে। এই সাব কমিটি রদবদল সংক্রান্ত প্রয়োজনীয় দাফতরিক কাজ শেষ করে উপদেষ্টা কমিটির কাছে পেশ করবে। কমিটির সদস্যরা সেখান থেকে তাদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
মাঠ প্রশাসন সাজানোর পর তারা কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বদলির দিকে নজর দিবে। কেন্দ্রীয় প্রশাসনে এমন কিছু পদ রয়েছে যেখান থেকে খুব সহজেই নির্বাচনী কর্মকান্ড প্রভাবিত করা যায়। এ ধরনের কর্মকর্তাদের সরিয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার বিষয়ে সাব কমিটি সুপারিশ করবে বলে জানা গেছে।
উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বুধবার সাব কমিটির প্রধান ও মন্ত্রী পরিষদ বিভাগ সচিবকে ঘন ঘন সভা করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। কমিটি আগামী শুক্র ও শনিবার সভা করবে বলে জানা গেছে।
