বগুড়া ও পটুয়াখালীতে ২ জন নিহত
বগুড়া শহরের সাতমাথায় পুরাতন প্রেসক্লাব চত্ত্বরে বুধবার দুপুরে চারদলীয় জোটের কর্মীদের হামলায় মোহন (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি কর্মীরা এরশাদ (২৪) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনার পর উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগ কর্মীরা কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়।
বগুড়া প্রতিনিধি জানান, পুরাতন প্রেসক্লাব চত্বরে চারদলীয় জোটের পূর্ব নির্ধারিত সমাবেশ চলার সময় দুপুর সাড়ে ১২টার দিকে পাশের সপ্তপদি মার্কেটের ছাদ থেকে অজ্ঞাতরা পরপর পাঁচটি ককটেল ছুঁড়ে মারে। চারদলের কর্মীরা সঙ্গে সঙ্গে মার্কেটটি ঘিরে ফেলে এবং মোহনকে সন্দেহ করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।
পুলিশ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আশংকাজনক অবস্থায় মোহনকে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
নিহতের বাড়ি নিশিনদারা উপশহরে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে পটুয়াখালী প্রতিনিধি জানান, বাউফল উপজেলার বাংলা বাজারে বিএনপি কর্মীরা বুধবার সকালে এরশাদ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা মোজাম্মেল হোসেনের বাংলাবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বাসায় আগুন ধরিয়ে দেয়। দুপুর ১২টা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় ভাংচুর করায় পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ কর্মীরা একপর্যায়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওলিউল্লাহর বাসভবনে হামলা ও লুটপাট চালায়।
এ ব্যাপারে থানার ওসি নূর মোহাম্মদ ঘটনার কথা স্বীকার করে বলেন, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
