২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় আমাকে হত্যার চক্রান্ত হয়েছিল: অলি

লিবারেল ডেমোক্রেট পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, পটিয়ায় তাকে হত্যার চক্রান্ত হয়েছিল। যে দুজন মারা গেছেন তারা এলডিপিতে যোগ দিতে পটিয়ার সমাবেশে যাচ্ছিলেন। বিএনপির সন্ত্রাসীরা এলডিপির মিছিলে হামলা করে তাদের হত্যা করে বলে তিনি দাবি করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বুধবার দুপুরে বন্দরনগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলি এ কথা বলেন। এসময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী দেওয়ান আহমদ, চট্টগ্রাম মহানগর আহবায় একরামুল করিম, কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন সেলিম, সলিমুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অলি সিইসির পদত্যাগ, রাষ্ট্রপতির নিরপেক্ষ অবস্থান গ্রহণ, ভোটার তালিকা সংশোধন ও ক্ষমতায় থাকাকালে বিএনপির ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরে বলেন, “সিইসি অবিলম্বে আবদুল আজিজ পদত্যাগ না করলে তাকে জাগ্রত জনতার ঘুর্ণিঝড়ে উড়ে যেতে হবে। তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, মনে হচ্ছে রাষ্ট্রপতি এখনও বিএনপির হয়ে কাজ করছে।”

নির্বাচনের পূর্বে প্রশাসনের রদবদল সম্পর্কে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, ‘আপনি বিএনপির রাষ্ট্রপতি হবেন না। আমরা বিএনপির বাসর ঘরে ঢুকতে চাই না।’ তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, “ঢালাও বদলী অনৈতিক ও অন্যায়। বিএনপির কর্মকর্তাদের চিহ্নিত করে ওএসডি করুন। ইউএনও, থানার ওসি, রিটার্নিং অফিসারদের দায়িত্ব দেওয়া হোক সুষ্ঠু নির্বাচনের জন্য। তারা অন্যায় করলে বিনা বিচারে দুই বছরের সাজার বিধান করুন। প্রয়োজনে এ ব্যাপারে নতুন অর্ডিন্যান্স জারি করুন।”

কর্নেল অলি চট্টগ্রামে বিএনপিকে সংগঠিত করার পেছনে তার অক্লান্ত পরিশ্রম ও ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এজন্যই বৃহত্তর চট্টগ্রামে গত নির্বাচনে বিএনপি ১৫ আসন পেয়েছিল। এবারে ২২ আসনের মধ্যে একটিও তারা পাবে না।

চট্টগ্রামের আসনগুলোতে এলডিপি কয়টিতে প্রার্থী দেবে এই প্রশ্নের জবাবে এলডিপির নির্বাহী সভাপতি বলেন, “১৪ দলের কাছে আমরা কয়েকটি আসন চাইব। সুনির্দিষ্ট করে এখন বলা যাবে না।”

পরে কর্নেল অলি বিকালে নগরীতে অন্যান্য দলের নেতাকর্মীদের এলডিপিতে যোগদান উপলক্ষে মুসলিম হলের এক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

তিনি বৃহস্পতিবার রাঙ্গামাটিতে এলডিপি আয়োজিত এক সমাবেশে ভাষণ দেবেন।