২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবদল নেতা নিহত

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় মঙ্গলবার এক যুবদল নেতা নিহত হয়েছেন। ঘটনার পর একই স্থানে যুবলীগের এক নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে সন্ত্রাসীরা সদর উপজেলার দশেরহাটে বাড়ির কাছ থেকে যুবদল নেতা মিলনকে (৩০) তুলে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় মিলনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

মিলন স্থানীয় চরশাহী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয় বিএনপি দাবি করেছে।

এদিকে এ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা চরশাহী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মুরাদ হোসেনকে(৩০) মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে একই স্থানে কুপিয়ে আহত করেছে। মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ এবং বিএনপি দুটি ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।