২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান এরশাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংবিধান অনুসারে স্বেচ্ছায় পদত্যাগের জন্য প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তোপখানা রোডে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এরশাদ বলেন সিইসি এম এ আজিজের মতো একজন ব্যক্তির কারণে বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

এরশাদ আরো বলেন জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও সমঝোতার ভিত্তিতে কোনো জোটে যাওয়ার দরজা খোলা রেখেছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির তিন বিশেষ দূত সিইসির সঙ্গে দেখা করার পর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুণগত পরিবর্তন সূচিত হয়েছে। এরপরও সিইসি স্বেচ্ছায় পদত্যাগ না করলে জাতীয় পার্টি তার অপসারণের জন্য ধারাবাহিক আন্দোলনে যোগ দেবে বলে তিনি জানান। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার বিষয়ে ১৪ দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪ দলীয় জোটে যোগ দেয়ার বিষয়ে জাতীয় পার্টি কোনো সিদ্ধান্ত নেয়নি।

বর্তমান সিইসির অধীনে যদি নির্বাচন হয় এবং রাজনৈতিক দলগুলো তাতে অংশ না নিলে জাতীয় পার্টি সেই নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এমন হলে আমাদের পক্ষে নির্বাচনে অংশ নেয়া সম্ভব নাও হতে পারে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মতো পরিবেশ সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ এমন একটি পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমার ধারণা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন’।

সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ উপস্থিত ছিলেন।