১৪ দল ও জাতীয় ঐক্য ফ্রন্টের যৌথ আন্দোলনের ঘোষণা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও এলডিপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট যৌথভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে রোববার।
ধানমন্ডির একটি হোটেলে জোট দু’টির যৌথসভা শেষে ১৪ দল সমন্বয়ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল ও জাতীয় ঐক্য ফ্রন্ট সমন্বয়ক এলডিপি মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন। বৈঠক শুরু হয় পৌনে ১২টায়। প্রায় একঘন্টা চলার পর তা শেষ হয় পৌনে ১ টার দিকে।
আন্দোলনের যৌথ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে জলিল বলেন, “জাতির এই ক্রান্তি লগ্নে সব ধরণের যড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমরা এক টেবিলে আলোচনায় বসেছি। আমরা অনুধাবন করছি দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে। সেই উপলব্ধি থেকেই ১৪ দল ও ঐক্য ফ্রন্ট যৌথভাবে আন্দোলন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যৌথ সভায় গৃহীত চার দফা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এগুলোর অন্যতম গণতন্ত্র ও সংবিধানকে সমুন্নত রাখার জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ১১ ও ৮ দফা দাবির বাস্তবায়ন, নির্বাচন কমিশন পুর্নগঠন, প্রশাসন নির্দলীয়করণ, নির্বাচনের সঙ্গে সংশি¬ষ্ট মন্ত্রণালয়গুলোকে রাষ্ট্রপতির হাতে না রেখে সেগুলোর সঠিক বন্টন, উপদেষ্টা পরিষদের ক্ষমতা বৃদ্ধি এবং প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ। সংবাদ সম্মেলনে দুই নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাবও প্রত্যাখান প্রত্যাখান করা হয়।
জলিল বলেন, ১৪ দলের ১১ দফা ও ঐক্য ফ্রন্টের ৮ দফা না মানা পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না। করলেও তা মেনে নেওয়া হবে না।
জাতীয় ঐক্য ফন্ট সমন্বয়ক আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে বলেন, “১৪ দলের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে আমরা মতৈক্যে পৌঁছেছি।”
সোমবার থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামাতের আর্শীবাদপুষ্ঠ কর্মকর্তাদের অপসারন ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ ব্যর্থ হয়েছেন। তাই প্রধান উপদেষ্টার পদত্যাগের কোন বিকল্প নেই। নীল নকশার নির্বাচন প্রতিহত করারও ঘোষণা দেন তিনি।
এলডিপি নেতা মাহী বি চৌধুরী বলেন, “ সোমবার আমরা চারটি স্থানে অবস্থান কর্মসূচি পালন করবো।”
সংবাদ সম্মেলনে দুই জোটের নেতাদের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওর্য়াকার্স পাটির রাশেদ খান মেনন, গনতন্ত্রী পার্টির নূরুল ইসলাম, এলডিপির জিয়াউর রহমান খান, সাবেক মন্ত্রী আনোয়ার কবির তালুকদার, মাহী বি চৌধুরী, সাবেক হুইফ আব্দুর রউফ, তরিকত ফেডারেশনের নজিবুল বাশার ভান্ডারী, জাতীয় ঐক্য মঞ্চের কমান্ডার আব্দুর রউফ প্রমূখ উপস্থিত ছিলেন।
