মঙ্গলবারের মধ্যে জাতির উদ্দেশে ভাষণে সিদ্ধান্ত জানাবেন রাষ্ট্রপতি
প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ মঙ্গলবারের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ভাষণে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশন সংস্কার ও আগামী সংসদ নির্বাচনের ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানাবেন।
শনিবার রাতে উপদেষ্টা পরিষদের দুই ঘন্টাব্যাপী বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের এ কথা বলেন। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক আড়াই ঘন্টা চলার পর মুলতবি ঘোষণা করা হয়। রাজনৈতিক সংকট নিরসনে দিনভর নানান তৎপরতার পর রাতে মুলতবী সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বৈঠকে দুজন অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারো আলোচনা হয়েছে।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি তা জানাবেন। সিইসি আব্দুল আজিজকে অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারাই বলুন এটা কিভাবে সম্ভব। সিইসিকে অপসারণে সাংবিধানিক বাধা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা একটি প্যাকেজ প্রস্তাব দেবো।” রোববার পর্যন্ত ১৪ দলের বেধে দেয়া সময়সীমার ব্যাপারো তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
উপদেষ্টা কমিটির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা ব্যর্থ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা ব্যর্থ হইনি, আমরা আশাবাদী।”
রাষ্ট্রপতি আপনাদের সব বলবেন।
