১৪ দলের বিক্ষোভ ও সিইসির কুশপুত্তলিকা দাহ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল শনিবার বিকেলে মহানগরীতে বিক্ষোভ ও প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের কুশপুত্তলিকা দাহ করেছে।
মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিকেল সাড়ে ৪ টায় বিক্ষোভ-মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর আলুপট্টি মোড়ে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাপ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী ও মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
