কাপাসিয়া ডিগ্রী কলেজে ছাত্রদলের তাণ্ডব, আহত ৪
কাপাসিয়া ডিগ্রী কলেজে শনিবার সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে অধ্যক্ষের কার্যালয় ও বিজ্ঞানাগার ভাংচুর করেছে।
হামলাকারীরা ছাত্রলীগ নেতা-কর্মীদের উপরও হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ৩০/৪০ জন বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী কলেজে ঢুকে অধ্যক্ষের কার্যালয় ও জানালার কাঁচ ভাংচুর করে। তারা কলেজের বিজ্ঞানাগার ও কয়েকটি শ্রেণী কক্ষও ভাংচুর করে।
হামলাকারীরা কলেজের ছাত্রলীগ নেতা রাজীব, সঞ্জীব ও মিঠূ এবং কর্মচারী ফরিদকে মারধোর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা ক্যাম্পাস ত্যাগ করে।
ঘটনার পর ছাত্রলীগ নেতা-কর্মীরা শহর ও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়া হামলাকারী ছাত্রদল সমর্থক সন্ত্রাসীদের বিচার দাবিতে তারা অধ্যক্ষের কাছে স্মারকলিপিও দেয়।
কাপাসিয়া থানা ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এ কারণে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় ছাত্রদল ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালায়।
কলেজের অধ্যক্ষ সামছুল বারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “হামলার বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসকের কাছে পরামর্শ চাওয়া হলে তিনি মামলা করতে বলেছেন।” মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
