বিটিভি ও বেতারের ডিজি রদবদল, আপেল মাহমুদ চাকরিচ্যুত
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) এবং ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সচিবসহ প্রশাসনের যুগ্ম সচিব পর্যায়ে নয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এছাড়া চাকরিচ্যুত করা হয়েছে বেতারের উপ মহাপরিচালক আবু সাত্তার মোহাম্মদ শাহ জামান আপেল মাহমুদকে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার গভীর রাতে এসব রদবদল করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলমকে বেতারে ও বেতারের মহাপরিচালক আফতাব হাসানকে বিটিভির মহাপরিচালক করা হয়েছে।
এছাড়াও পোস্ট লিটারেসি কন্টিনিউইং প্রকল্প-১-এর প্রকল্প পরিচালক মরতুজা আহমদকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ওএসডি যুগ্ম সচিব রাজিয়া বেগমকে পোস্ট লিটারেসি কন্টিনিউইং প্রকল্প-১-এর প্রকল্প পরিচালক করা হয়েছে।
ভূমি আপীল বোর্ডের সদস্য গোলাম মরতুজাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নেপাল চন্দ্র সরকারকে ভূমি আপীল বোর্ডের সদস্য করা হয়েছে।
ডিসিসির সচিব আলমগীর হোসেন খানকে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক করা হয়েছে। প্রায় ছয় মাস আগে উপসচিব থেকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তাকে নির্বাচন কমিশনে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি।
কারা অধিদপ্তরের প্রকল্প পরিচালক কেএম মোজাম্মেল হককে বস্ত্র শিল্প করপোরেশনের পরিচালক এবং ওএসডি যুগ্ম সচিব রণজিৎ কুমার চক্রবর্তীকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম প্রোগ্রামের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
