সহসা কাটছে না রাজনৈতিক সংকট
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণসহ নির্বাচন কমিশন সংস্কার এবং ১৪ দলের ১১ দফা দাবিতে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট নিরসনে বৃহস্পতিবারেও প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে থেকে কোনো নির্দেশনা পায়নি উপদেষ্টা পরিষদ । এর ফলে সহসা সঙ্কটের সমাধান হবে এমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সারসংক্ষেপ সংশ্লিষ্ট চার উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে জানানোর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উপদেষ্টা পরিষদের বৈঠকের সময়ও এখনো নির্ধারিত হয়নি। কবে ও কখন বৈঠক হতে পারে, সে ব্যাপারেও সংশ্লিষ্টরা কিছু জানেন না।
উপদেষ্টা কমিটির সদস্য সিএম শফি সামি এবং ইয়াসমিন মুর্শেদ বৃহস্পতিবার সাংবাদিকদের এ বিষয়ে কোনো আশাব্যাঞ্জক তথ্য দিতে পারেননি।
সিএম শফি সামি সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। চার উপদেষ্টার পক্ষ থেকে ইতোমধ্যে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনে দলগুলোর দাবি এবং উপদেষ্টাদের মন্তব্য উল্লেখ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তবে প্রধান উপদেষ্টা এখনো কোনো নির্দেশনা বা সময় দেননি।
তিনি বলেন, “প্রতিবেদনের বিষয়গুলো বাস্তবায়ন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব। কোনো দল অংশগ্রহণ না করলে আন্তর্জাতিকভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এজন্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত নিতে হবে।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ বাদ পড়ছেন কি না, এমন এক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে শফি সামি বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। সাংবিধানিক বাধ্যবাধকতা ও রাজনৈতিক বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে সিইসিই নির্বাচনের একমাত্র অন্তরায় নন।”
সংলাপের অগ্রগতি বিষয়ে ইয়াসমিন মুর্শেদ সাংবাদিকদের বলেন, “একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়েছে। তাকে সকল বিষয়ে জানানো হয়েছে। চার উপদেষ্টা মিলে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। তা উপদেষ্টা কাউন্সিলে উপস্থাপন করা হবে। আমাদের সময় মাত্র ৯০ দিন, তাই সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের কাজ চলছে। আশা করছি, দু’ একদিনের মধ্যে ভালো খবর দিতে পারবো।”
