২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও আলোচনার ইঙ্গিত দিলেন উপদেষ্টারা

চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে চার উপদেষ্টা আলোচনার বিষয়বস্তু ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সময়ক্ষেপনের সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে আরও আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।

সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে গঠিত চার উপদেষ্টার সমন্বিত কমিটি বুধবার তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে দুপুরে চার উপদেষ্টা বঙ্গভবনে গিয়ে আলোচনার সার সংক্ষেপ প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে জানান।

প্রধান উপদেষ্টা স্বল্প সময়ের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সুপারিশমালা তৈরি করে তার কাছে জমা দেওয়ার জন্য উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন বলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. আকবর আলী খান সাংবাদিকদের জানিয়েছেন।

সন্ধ্যায় কমিটির প্রধান অর্থ উপদেষ্টার দপ্তরে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বৈঠকে বসেন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, “প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংকট সমাধানের উপায় এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি প্রধান উপদেষ্টাকেও জানানো হয়েছে। তিনিই সাংবিধানিকভাবে সকল নির্বাহী ক্ষমতার অধিকারী। এ বিষয়ে আমরা উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সুপারিশ তারা কাছে দেবো। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে প্রতিনিধি হিসেবে আলোচনা করলেও সমস্যার সমাধানের ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাবে না। কতদিনের মধ্যে ও কিভাবে সমাধান হবে তা বলা সম্ভব নয়। তবে সুপারিশগুলো বাস্তবায়িত হলে সংকট সমাধান করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রয়োজনে আমরা আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবো। আবার ‘বিহাইন্ড দি স্ক্রিন’ আলোচনাও হতে পারে।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় সরকার কোন ইতিবাচক সিদ্ধান্তে আসতে পেরেছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো তা বলা যাবে না। তবে কোন সিদ্ধান্ত না নেওয়াও সরকারের জন্য একটি সিদ্ধান্ত’।

অর্থ উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের সুবিধার্থে কর্মসূচি কিছুটা শিথিল করারও আহ্বান জানান।

কমিটির অন্য সদস্য উপদেষ্টা সিএম শফি সামি সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে সংলাপের সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এজন্য চার উপদেষ্টার বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এজন্য সময়ক্ষেপনের কোন সুযোগ নেই।

কতদিনের মধ্যে সমস্যার সমাধান সম্ভব, এমন এক প্রশ্নের জবাবে শফি সামি বলেন, “আমাদের সুপারিশমালার ভিত্তিতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এজন্য আমরা উপদেষ্টা হিসেবে তার নির্দেশনা আশা করছি।”