২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলবাহী লরিকে অবরোধের আওতামুক্ত রাখার অনুরোধ

বাংলাদেশ ট্যাংক লরি মালিক সমিতি তেলবাহী লরি চলাচলকে দেশব্যাপী অবরোধ কর্মসূচির আওতামুক্ত রাখার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রতি অনুরোধ জানিয়েছে। বুধবার এই কর্মসূচি চতুর্থ দিনে পা রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বাংলাদেশ ট্যাংক লরী মালিক সমিতি (বিটিএলওএ) সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “ তেলবাহী লরি চলাচলকে অবরোধের বাইরে রাখার জন্য অনুরোধ জানিয়ে আমরা আজ (বুধবার) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছি।”

তিনি বলেন, সামান্য কয়েকটি লরি ঝুঁকি উপেক্ষা করে দাহ্য পদার্থ বহন করছে। আর এই সমস্ত প্রক্রিয়াটিই রাতের মধ্যে করতে হচ্ছে বলেও তিনি জানান।

বিটিএলওএ সূত্র জানায়, ঢাকায় ১৩২ টি সহ সারা দেশে প্রায় ১২শ’ টি তেলবাহী লরী রয়েছে।

এছাড়া ট্যাংক লরি মালিকেরা প্রতিদিন বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও সমিতির সভাপতি দাবি করেছেন। কারণ কর্মচারীদের বেতন ও আয়কর এবং সুদসহ তাদের ব্যাংক ঋণ পরিশোধ করতে হচ্ছে।

সাজ্জাদুল করিম বলেন, “কমিশনে তেল বিক্রির টাকা থেকেই আমাদের মূল আয়, এছাড়া আমাদের ডিপো থেকে নগদ টাকায় পণ্য কিনতে হয়।” এক লরি ডিজেলের ডিপো মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা বলেও তিনি জানান।

তিনি বলেন, “আমাদের ব্যাংক সুদ থেকেও অব্যাহতি দেওয়া উচিত।”

“কারণ দেশব্যাপী অব্যাহত বিদ্যুৎ সংকটের কারণে বিশেষ করে ডিজেলসহ জ্বালানি তেলের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে” জানিয়ে সাজ্জাদুল করিম বলেন, চার দিন জ্বালানি পণ্য সরবরাহ বন্ধ থাকায় অর্থনীতির উপর এর বিরুপ প্রভাব পড়বে।

এদিকে সরবরাহ সম্পূর্ণরুপে বন্ধ থাকায় খুলনা বিভাগের জনগণ তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে।