২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি প্রশ্নে সুপ্রিম কোর্টের দুই গ্রুপের আইনজীবীরা মুখোমুখি

সুপ্রিম কোর্টের ১৪ দল ও ৪ দলীয় জোট সমর্থক দু’পক্ষের আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থক আইনজীবীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ পদত্যাগ না করা পর্যন্ত আদালত প্রাঙ্গন ও রাজপথে আন্দোলনের কর্মসূচী চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

অপরদিকে সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারা অভিযোগ এনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সমর্থক আইনজীবীরাও এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ও আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ও ১৪ দলের অবরোধের কারণে বুধবার চতুর্থ দিনের মতো সর্বোচ্চ আদালতের বিচার কাজে চরম অচলাবস্থা বিরাজ করে।

১৪ দল সমর্থক আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এবং এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদম ফোয়ারা চত্বরে দফায় দফায় মিছিল, সমাবেশ ও গণসংগীত পরিবেশন করেন। তারা সিইসি ও অন্য কমিশনারদের পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে ৪ দলীয় জোট সমর্থক আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানকে ধ্বংস করতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংবাদ সম্মেলন করেন।

সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিনের নেতৃত্বে ১৪ দল সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মিছিল করে মৎস্য ভবন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রদক্ষিণ করে দুপুর ১টা পর্যন্ত কদম ফোয়ারা চত্বরে সমাবেশ করে।

দুপুরে দু ঘন্টা বিরতির পর বিকাল ৩ টা থেকে এ সমাবেশ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আমীর-উল-ইসলাম, সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সমিতির সহ সভাপতি আবদুল মান্নান খান।

এদিকে দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এর সদস্য সচিব শাহ খসরুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া, জয়নাল আবেদীন, সাইদুর রহমান ও গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, যারা সংবিধানিক সংকট সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ করে সংবিধান সমুন্নত রাখার আন্দোলন করতে হবে।

দেশ বাঁচাতে কঠিন পদক্ষেপ গ্রহণ করা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিলম্বে নির্বাচন তফশীল ঘোষণার দাবি জানান ৪ দলীয় জোট সমর্থক আইনজীবীরা।

তারা অভিযোগ করেন, অবরোধের নামে দেশের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া রাষ্ট্রদ্রোহের সামিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে সিবিএ সেন্টারে পরিণত করার অভিযোগ এনে তারা বলেন, ১৪ দলের এজেন্ডা বা¯তবায়নের নামে ব্যক্তিগত স্বার্থে কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্ট অঙ্গনে মানববন্ধন করছেন ও বিচারকদের হুমকি দিচ্ছেন।

সিইসির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহবানকে নিন্দনীয় আখ্যায়িত করে জাতীয়তাবাদী আইনজীবীরা বলেন, সিইসি সাংবিধানিকভাবেই এ পদে নিয়োগ পেয়েছেন এবং তার বিরুদ্ধে কোন সুর্নিদিষ্ট অভিযোগ নেই। বেআইনী ও অসাংবিধানিক কাজের বিরুদ্ধে তারা আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দেন।